১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের বিরুদ্ধে মামলার রায় ২৮ জুলাই

অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয় গত বছরের ৬ নভেম্বর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2026, 01:58 PM

Updated : 11 Sep 2026, 03:39 PM

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুদকের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর ওরফে এসকে সুর চৌধুরী অপরাধ করেছেন কী না তা জানা যাবে আগামী ২৮ জুলাই। 

দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিনের আদালত রায়ের দিন ধার্য করেন। 

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. দেওয়ান আশিক এ তথ্য জানিয়েছেন

এদিন শুনানিকালে সিতাংশু সুরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুদকের পক্ষে প্রসিকিউটর আবুল কালাম আজাদ যুক্তিতর্ক তুলে ধরে তার সর্বোচ্চ সাজা তিন বছরের কারাদণ্ড প্রার্থনা করেন।  

অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী সরোজ কুমার হাওলাদার খালাস চেয়ে প্রার্থনা করেন। 

মামলার বিবরণে বলা হয়েছে, এসকে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ বা সম্পত্তির মালিক হওয়ার অভিযোগে তার নিজের ও তার উপর নির্ভরশীল ব্যক্তিদের স্বনামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ বা সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য সম্পদের হিসাব বিবরণীর নোটিশ জারি করা হয়। 

তিনি গত বছরের ২৭ অক্টোবর নিজ স্বাক্ষরে সম্পদ বিবরণী দাখিলের আদেশসহ সম্পদ বিবরণী ফরম গ্রহণ করেন। কিন্তু আদেশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করেননি। 

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করায় এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে গত বছর ২৩ ডিসেম্বর দুদক মামলা করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন।

গত বছরের ২৫ অগাস্ট তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক মো. আহসান উদ্দিন। গত বছরের ৬ নভেম্বর এস কে সুরের  বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।

মামলাটির বিচার চলাকালে আদালত ৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন ।

২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এ ডেপুটি গভর্নরকে গ্রেপ্তার করে দুদক। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।