Published : 15 Jun 2026, 10:07 PM
পর্তুগালের বিশ্বকাপ অভিযান শুরুর আগে মায়ামির একটি সৈকতে ক্রিস্তিয়ানো রোনালদো ও তার কয়েকজন সতীর্থের রোদ পোহানোর ছবি আর ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা যায় এই মহাতারকার দুর্দান্ত শারীরিক গঠন। ভিতিনিয়ার মতে, ফিটনেসের প্রতি ৪১ বছর বয়সী রোনালদোর নিবেদনের প্রমাণ এটি।
ফ্লোরিডার পাম বিচে রোনালদোর সঙ্গে ছিলেন ভিতিনিয়াও। খালি গায়ে, সানগ্লাস পরা রোনালদোর ছবি নিয়ে জিজ্ঞেস করা হলে সংবাদ সম্মেলনে হাসতে হাসতে এই মিডফিল্ডার বলেন, “না, না। আমি কথা দিতে পারি, আমি নিশ্চয়তা দিচ্ছি, এটা ফটোশপ নয়, এটা সত্যিই এমন।”
“এটা অবিশ্বাস্য যে, ৪১ বছর বয়সেও তিনি এমন। আমার বয়স ২৬, আমাকে দেখতে এমন লাগে না।”
সংবাদ সম্মেলনে উপস্থিত সবাই হেসে ওঠেন তখন।
“এটা আরও প্রমাণ করে যে, তিনি কতটা নিবেদিতপ্রাণ এবং ফিট থাকাটা তার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা সৈকতে গিয়েছিলাম এবং একটু মজা করেছি, এটাও দরকার।”
ক্যারিয়ার জুড়েই কঠোর পরিশ্রম ও চরম শৃঙ্খলার প্রতীক হিসেবে নিজের আলাদা একটা ভাবমূর্তি তৈরি করেছেন আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলস্কোরার রোনালদো।
বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে তার ফিটনেস নিয়ে প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেছিলেন, “শারীরিকভাবে? আমি ভালো আছি- আমার ম্যাচগুলো দেখেননি?”
এই নিয়ে ষষ্ঠ বিশ্বকাপে খেলতে যাচ্ছেন রোনালদো। একই পথে আছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিও। সব ঠিক থাকলে কয়েক ঘণ্টার ব্যবধানে ছয়টি বিশ্বকাপে খেলা প্রথম ও দ্বিতীয় ফুটবলার হবেন তারা।
হিউস্টনে বাংলাদেশ সময় আগামী বুধবার রাত ১১টায় ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল।