Published : 24 Jul 2026, 05:20 PM
ইতালির পুরুষ জাতীয় ফুটবল দলের কোচ হতে ‘আগ্রহী নন’ পেপ গুয়ার্দিওলা। দেশটির ফুটবল ফেডারেশনের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছেন বলে খবর দিয়েছে বিবিসি।
ব্রিটিশ সংবাদমাধ্যমটি শুক্রবার নিজস্ব সূত্রের বরাত দিয়ে খবরটি জানিয়েছে।
টানা তিনবার বিশ্বকাপের বাছাইপর্ব উৎরাতে না পারার ব্যর্থতা মুছে, কক্ষপথে ফেরার অভিযানে সেরা কোচ খুঁজছে দেশটি। তাদের প্রথম পছন্দের তালিকায় গুয়ার্দিওলার থাকার কথা নিজেরাই সম্প্রতি জানায় তারা।
এই সপ্তাহের শুরুতে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জিওভান্নি মালাগো জানান, গুয়ার্দিওলার সঙ্গে তাদের আলাপ চলছে।
অবশ্য তাদের গুয়ার্দিওলাকে পাওয়ার ব্যাপারে একটা বড় ‘কিন্তু’ হলো, এই স্প্যানিশ কোচের ‘উচ্চ বেতন।‘ তবে ম্যানচেস্টার সিটিতে দারুণ সফল ১০টি বছর কাটিয়ে এবারের গ্রীষ্মে বিদায় নেওয়া গুয়ার্দিওলাকে পেতে তাকে ওই অধিক বেতন দিতেও নাকি প্রস্তুত ছিল ইতালি।
গত বৃহস্পতিবার ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি আবার জানান, প্রথমে তারা কার্লো আনচেলত্তিকে প্রস্তাব দিয়েছিলেন; কিন্তু তিনি ব্রাজিলের কোচের পদেই থাকার ইচ্ছা প্রকাশ করেন।
আর এখন বিবিসির তথ্যমতে, গুয়ার্দিওলাও এফআইজিসিকে জানিয়ে দিয়েছেন যে, তিনি আপাতত ছুটিতেই থাকতে চান, পরিবারের সঙ্গে আরও বেশি সময কাটাতে চান।
গণমাধ্যমের খবর মতে, এফআইজিসির বিবেচনায় আরও রয়েছেন আন্তোনিও কন্তে, যিনি ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইতালির কোচ ছিলেন। সবশেষ নাপোলির দায়িত্ব পালন করেছেন ৫৬ বছর বয়সী এই ইতালিয়ান।
ইতালির সাবেক মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলোকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। ২০২১ সালে ইতালিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানো সাবেক কোচ রবের্তো মানচিনির ফেরার সম্ভাবনাও আলোচনায় রয়েছে।