Published : 24 Jul 2026, 09:24 PM
জার্মানি জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নিয়ে গণমাধ্যমকে একটি কড়া বার্তা দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তার পরিবারের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা হলেই পদত্যাগ করবেন তিনি।
লিভারপুলের সাবেক এই কোচকে শুক্রবার চার বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। ইউলিয়ান নাগেলসমানের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। এবারের বিশ্বকাপের শেষ বত্রিশে প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির অপ্রত্যাশিত হারের পর কোচের পদ থেকে সরে দাঁড়ান নাগেলসমান।
জার্মানির প্রধান কোচ হিসেবে নিজের প্রথম সংবাদ সম্মেলনে এই হুমকি দেন ৫৯ বছর বয়সী ক্লপ।
“যদি আপনারা (গণমাধ্যম) বাজে আচরণ করেন এবং আমার পরিবারকে শান্তিতে থাকতে না দেন, তাহলে আমি চলে যাব, আমি স্রেফ মুখ ফিরিয়ে নেব।”
নাগেলসমান ও ইংল্যান্ড কোচ টুমাস টুখেলের উদাহরণও দেন লিভারপুলকে অনেক সাফল্য এনে দেওয়া এই কোচ।
“আমি জানি, অন্যান্য দেশও আছে, যেখানে জাতীয় দলের কোচদের সঙ্গে আরও খারাপ আচরণ করা হয়। আমি এই চাকরিটা নিজের জন্য করছি না, আপনাদের জন্য করছি। আপনারা ইউলিয়ান নাগেলসমান ও টমাস টুখেলের সঙ্গে কেমন আচরণ করেছেন, সেটা দেখার পরও এই দায়িত্ব নিয়েছি।
“আমি এই কাজটা ভালোবাসি, কিন্তু প্রয়োজনে দায়িত্ব ছেড়ে দিতে আমি সবসময় প্রস্তুত।”
বিশ্বকাপ থেকে বিদায়ের পর নাগেলসমান ও টুখেল, দুজনেই গণমাধ্যমের সমালোচনার মুখে পড়েন। সেমি-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে থেকেও ইংল্যান্ডের ২-১ গোলে হারের কারণ হিসেবে টুখেল তার রক্ষণাত্মক কৌশল ও খেলোয়াড় পরিবর্তনের জন্য সমালোচিত হন।