২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়ে এখনও বিশ্বাস হচ্ছে না হলান্ডের

ম্যাচের আগে নরওয়ের এই ফরোয়ার্ড সতীর্থদের বলেছিলেন, ব্রাজিলই থাকবে চাপে এবং তাদের খেলাটা উপভোগ করতে হবে।

ব্রাজিলের বিদায়ঘণ্টা বাজিয়ে এখনও বিশ্বাস হচ্ছে না হলান্ডের
ব্রাজিলের বিপক্ষে স্মরণীয় জয়ের পর সতীর্থদের সঙ্গে আর্লিং হলান্ডের উদযাপন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2026, 09:10 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

শেষ ষোলো থেকে ব্রাজিলকে বিদায় করে দিয়েছেন মূলত আর্লিং হলান্ডই। ২-১ ব্যবধানের জয়ে দলের দুটি গোলই তার। তবুও, বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে সেই জয় এখনও যেন বিশ্বাস হচ্ছে না নরওয়ে ফরোয়ার্ডের!

ব্রাজিলকে হারিয়ে, নিজেদের বিশ্বকাপ ইতিহাসের সেরা সাফল্য তুলে নিয়েছে নরওয়ে। প্রথমবারের মতো উঠেছে কোয়ার্টার-ফাইনালে। এবার, ইংল্যান্ড বাধা পেরিয়ে সেমি-ফাইনালে খেলার হাতছানি তাদের সামনে।

কিন্তু ব্রাজিল ম্যাচ নিয়েই এখনও যেন ঘোরের মধ্যে আছেন হলান্ড। চলতি আসরে এরই মধ্যে সাত গোল করা এই ফরোয়ার্ড ওই ম্যাচের অনুভূতি জানাতে স্রেফ একটা বাক্যই ব্যবহার করলেন।

“এখনও এটা সত্যি মনে হয় না।”

উত্তর আমেরিকা বিশ্বকাপে ‘ছোট’ দলগুলো চমক উপহার দিচ্ছে। কিন্তু হলান্ডের ভাবনাতেও ছিল না ব্রাজিলের বিপক্ষে জিততে পারবেন তারা!

“ভেবেছিলাম, এটা অসম্ভব। কিন্তু আমি ভুল ছিলাম।”

ব্রাজিলের পক্ষেই বাজি ছিল অধিকাংশের। নরওয়ের তাই তেমন কিছু হারানোর ভয় ছিল না। ম্যাচের আগে সতীর্থদের কী বলে উদ্বুদ্ধ করেছিলেন, সেটাও জানালেন হলান্ড।

“সতীর্থদের ম্যাচের আগে বলেছিলাম, চাপটা ওদের (ব্রাজিলের) ওপরে থাকবে। আমাদের ম্যাচটা উপভোগ করতে হবে এবং আমরা সেই কাজটিই করেছি, ফুটবল উপভোগ করেছি।”