Published : 21 Jun 2026, 01:24 PM
গোলরক্ষক ইলয় রুমের বীরোচিত পারফরম্যান্সে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পাওয়ার খুশিতে ভাসছেন কুরাসাওয়ের খেলোয়াড়রা। কোচ ডিক আটফোকেটের মন তখন ছুটে গেছে ক্যাবিবিয়ান অঞ্চলের ছোট ছোট দ্বীপের রাস্তা, বার আর বাড়িগুলোতে। কী যে আনন্দ হচ্ছে ছোট্ট দেশটিতে বুঝতে পারছেন অভিজ্ঞ কোচ।
বিশ্বকাপ অভিষেক কুরাসাওয়ের জন্য হয়েছিল দুঃস্বপ্নের মতো। ৭-১ গোলে হেরেছিল জার্মানির বিপক্ষে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে রোববার একুয়েডরের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে কুরাসাও।
দেড় লাখ জনসংখ্যার দেশটির অবিশ্বাস্য অর্জনের নায়ক রুম। ১৫টি সেভ করেন ৩৭ বছর বয়সী গোলরক্ষক। ম্যাচ শেষে ৭৮ বছর বয়সী কোচ আটফোকাটের আবেগ বোঝা যাচ্ছিল স্পষ্ট।
“কুরাসাওয়ের মানুষ আমাদের অকুণ্ঠ সমর্থন দিয়েছে। বিশেষ করে, গত সপ্তাহে ৭-১ ব্যবধানে হেরে যাওয়ার পরও।”
“আজ রাতের উদযাপন হবে পাগলাটে। আমি মনে করি, যাদের জীবন সবসময় সহজ নয়, আমি সত্যিই চাই তারা এই সাফল্য উদযাপন করুক।”
জার্মানির বিপক্ষে বড় হারের পরও উষ্ণ অভ্যর্থনা পাওয়ার কথা বললেন নেদারল্যান্ডসের সাবেক কোচ। একুয়েডরের বিপক্ষে বুক চিতিয়ে লড়াই করায় সেটার একটা ভূমিকা দেখেন তিনি।
চোখে জল নিয়ে জার্মানির বিপক্ষে ম্যাচ দেখেছিলেন আটফোকাট। সেই তুলনায় রোববার বেশ শান্ত ছিলেন তিনি।
“আজ আমি প্রথম ম্যাচের মতো অমন আবেগপ্রবণ ছিলাম না, একদমই না। প্রথমার্ধে যে বিষয়টা আবেগ জাগিয়ে তোলে সেটা হলো, প্রথম ম্যাচে ৭-১ গোলে হেরে যাওয়ার পরও দর্শকরা এতোটা উদ্যম নিয়ে খেলোয়াড়দের স্বাগত জানিয়েছে। সাধারণত এই ধরনের পরিস্থিতিতে আপনি (সমালোচনার) শিকার হবেন কিন্তু এখানে এর বিপরীতটা ঘটেছে।”
“খেলোয়াড়রা সেটা দর্শকদের ফিরিয়ে দিয়েছে। আমি মনে করে এটা চমৎকার একটি অভিজ্ঞতা।”
জার্মানির বিপক্ষে বড় হারের পর একটা শঙ্কা জেগে ওঠেছিল যে, ৪৮ দলের বর্ধিত বিশ্বকাপে অনেক একপেশে ম্যাচ দেখা যাবে। আটফোকেট মনে করেন, একুয়েডরের বিপক্ষে তার দল নিজেদের মান দেখিয়েছে।
“সম্ভবত জার্মানি ম্যাচ আগেভাগে হয়ে গেছে। ওই দিন তারা আমাদের পর্যায়ের বাইরে ছিল। তবে দল লড়াই করেছে, যেমনটা তাদের করার কথা।”
“ওরা আজ সিংহের মতো লড়াই করেছে। এরপর দেখলাম উঁচু মানের খেলোয়াড় নিয়ে গড়া একটি দল যারা উঁচু মানের ফুটবল খেলছে তাদের বিপক্ষে ওরা কী অর্জন করেছে।”
নকআউট পর্বের স্বপ্ন এখনও বেঁচে আছে কুরাসাওয়ের। আটফোকাট বললেন, ওই লড়াইয়ের আগে কুরাসাওয়ের মানুষদের জন্য তার একটি বার্তা আছে।
“আমি কী বলতে পারি তাদের? আমাদের সমর্থন দিয়ে যান, আমাদের সমর্থন দিয়ে যান। আমাদের সাহস জুগিয়ে যান, আমরা দেশের জন্য লড়াই করছি।”
‘ই’ গ্রুপের শেষ রাউন্ডে আইভরি কোস্টের বিপক্ষে খেলবে কুরাসাও। আর জার্মানির মুখোমুখি হবে একুয়েডর।