২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডা ম্যাচে ‘হারার আগে হারবে না’ সুইজারল্যান্ড

আত্মবিশ্বাসে তুঙ্গে থাকা কানাডাকে হারাতে চান মানুয়েল আকানজি।

কানাডা ম্যাচে ‘হারার আগে হারবে না’ সুইজারল্যান্ড
কানাডার মুখোমুখি হওয়ার আগে অনুশীলনে সুইজারল‍্যান্ড। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2026, 07:02 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

হতাশার শুরুর পর কাতারকে উড়িয়ে দিয়ে উড়ছে কানাডা। বিশ্বকাপের সহ-আয়োজকদের সমীহ করছেন মানুয়েল আকনজি। তবে, সুইজারল্যান্ডের এই ডিফেন্ডার প্রত্যয়ের সুরে বলছেন, কানাডাকে ছেড়ে কথা বলবেন না তারা।

ভ্যানকুভারে, বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় মুখোমুখি হবে কানাডা ও সুইজারল্যান্ড। ৪ করে পয়েন্ট দুই দলের। ম্যাচটি ড্র হলেও ‘বি’ গ্রুপের সেরা হয়ে নকআউট পর্বে উঠবে কানাডা। গ্রুপ পর্ব পেরুবে সুইজারল্যান্ডও।

সবশেষ ম্যাচে, নয় জনের কাতারকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে কানাডা। ঘরের মাঠে জয়যাত্রা ধরে রাখার লক্ষ‍্যে নামবে তারা। আকানজি সেরাটা মেলে ধরে, আটকাতে চান প্রতিপক্ষকে।

“আমি জানি, তারা জিততে চায়, কিন্তু আমরাও জয়ের আকাঙ্ক্ষা নিয়ে এখানে এসেছি। তাদের পথটা আমরা সহজ করে দেব না। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমি মনে করি, যদি নিজেদের সেরাটা দিতে পারি, তাহলে আমরা জিতব।”

“অবশ্য কানাডাও আমাদের কাজগুলো সহজ করে দেবে না। তাই, আমাদের প্রস্তুত হতে হবে।”

সবশেষ ছয় বিশ্বকাপের পাঁচটিতেই গ্রুপ পর্ব পার হতে পেরেছে সুইজারল্যান্ড। কিন্তু পরের ধাপে গিয়ে বারবারই ব্যর্থ হতে হয়েছে তাদের। ২০২২ বিশ্বকাপেও তাদের পথচলা থেমেছিল শেষ ষোলোয়, পর্তুগালের বিপক্ষে হেরে। এমন বাধা এবার পার হতে চান আকানজি।

“আমি মনে করি, সবসময় আমাদের শক্তির হচ্ছে একটা দল হয়ে মাঠে খেলা। আমরা এটাও জানি, অন্য দেশগুলোর মতো আমাদের দলে বিশ্বের সেরা ১০ খেলোয়াড়ের তিন জন নেই। তো আমাদের দলবদ্ধ হয়েই খেলতে হবে।”

“আশা করি, এবার আমরা পারব, কিন্তু এখনও অনেক দূর যেতে হবে। আমি মনে করি, ধারাবাহিকতা আসলেই গুরুত্বপূর্ণ। অতীতে যে কাজগুলো ভালোভাবে করতে পারিনি, সেখানে আমাদের উন্নতি করতে হবে এবং একইভাবে কাজগুলো ঠিকঠাক করার চেষ্টা করতে হবে।”