Published : 26 Jun 2026, 06:13 PM
নাটকীয়তা ও রেকর্ড সংখ্যক গোলে ভরপুর এক বিশ্বকাপে অন্যরকম চিত্র দেখা গেল প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার ম্যাচে। এখনও পর্যন্ত সম্ভবত এবারের বিশ্বকাপের সবচেয়ে নীরস ম্যাচ এটিই। শুধু গোলশূন্য ড্র হয়েছে বলেই নয়, মাঠের লড়াইয়েও ছিল না খুব বেশি উত্তেজনা। দুই দলের খেলায় ফুটে ওঠেনি চিরাচরিত তাগিদ।
‘ডি’ গ্রুপের ম্যাচটি জিততে পারলে দুই দলের সামনেই ছিল নকআউট পর্ব নিশ্চিত করার হাতছানি। ড্র করেও অবশ্য পরের ধাপে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। জয়ের মতো করেই উদযাপন করেছে তারা। সেরা তৃতীয় স্থানে থাকা দলগুলির একটি হয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ আছে প্যারাগুয়েরও। তবে দুই দলের খেলায় জয়ের যথেষ্ট তাড়না ছিল কি না, সেই প্রশ্ন উঠছে। মনে হয়েছে, জয়ের রোমাঞ্চের চেয়ে ড্রয়ের সতর্কতাই তাদের ভাবনায় ছিল বেশি করে। বারবারই গতি হারিয়েছে খেলা।
এই ম্যাচের অনেক আগেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছিল যুক্তরাষ্ট্র এবং টুর্নামেন্ট থেকে বাদ পড়েছিল তুরস্ক। শেষ পর্যন্ত, গোল পার্থক্যের কারণে অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থান অর্জন করে।
কানায় কানায় পূর্ণ গ্যালারির দর্শকেরা ম্যাচজুড়ে উল্লাসে মাতিয়ে রাখলেও কঠিন ট্যাকল এবং রেফারির বাঁশির শব্দে বারবার বাধাগ্রস্ত হয়েছে তাদের উৎসব। মাঠের লড়াইয়ে রোমাঞ্চের রসদ যথেষ্ট না পেয়ে নিজেরাই আনন্দ উপভোগের জন্য মেক্সিকান ওয়েভের দিকে ঝুঁকে পড়েন তারা।
গোটা ম্যাচে প্যারাগুয়ে কর্নার পায় একটি, ম্যাচের ৫৩তম মিনিটে।
গোলে ১২টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখতে পারে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ৮ শটের ২টি রাখে লক্ষ্যে। এই পরিসংখ্যান দেখে মনে হতে পারে, আক্রমণ খারাপ হয়নি। আদতে খুব কম প্রচেষ্টাই দুই গোলকিপারকে পরীক্ষা করতে পেরেছে।
ম্যাচ শেষে দুই দলের কোচের দিকেই প্রশ্ন ছুটে গেল, তারা ড্রয়ের জন্য খেলেছেন কি না। অস্ট্রেলিয়ার কোচ টনি পপোভিচ উড়িয়েই দিলেন অভিযোগ।
“খেলাটি কীভাবে খেলা হয়েছে বা আমাদের দুই দলের কী প্রয়োজন ছিল বলে মনে হয়েছে, সে বিষয়ে আপনাদের মতামত থাকতে পারে, কিন্তু আমরা কোনো পর্যায়েই অনুভব করিনি যে, ড্র করার জন্য খেলছিলাম।”
প্যারাগুয়ের কোচ গুস্তাভো আলফারোর কণ্ঠেও একই কথা।
“অবশ্যই আমরা ম্যাচটি জেতার চেষ্টা করেছিলাম। যদিও শেষ পর্যন্ত, উভয় দেশের জন্যই ড্র যথেষ্ট ছিল। এখন আমাদের অপেক্ষা করতে হবে। পরের ধাপে যেতে পারব কি না, তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে।”
“কিন্তু আমি দলকে বলেছি যে, আমরা এখানে ড্র করার জন্য আসিনি। আমরা জিততে চেয়েছিলাম, তারাও জিততে চেয়েছিল।”