১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বৃষ্টিতে ভিজতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিলল ডোবায়

বয়রা ফকির বাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি জানান।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2026, 10:46 PM

Updated : 11 Sep 2026, 03:32 PM

ময়মনসিংহ নগরীতে নিখোঁজের আট দিন পর ডোবা থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে।  

সোমবার সন্ধ্যা ৬টায় নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বয়রা ফকির বাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান। 

নিহত সাউমী সাবা (৬) ওই এলাকার স্বপন ফকিরের মেয়ে। শিশুটি বয়রা ছালাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। 

পুলিশ জানায়, ২১ জুন স্কুল থেকে বাড়ি ফিরে দুপুর ২টার দিকে দুই প্রতিবেশী শিশুর সঙ্গে বৃষ্টির মধ্যে খেলতে বের হয়েছিল সাউমী সাবা। প্রতিবেশী দুই শিশু বাড়ি ফিরলেও সাউমী সাবা আর বাড়ি ফেরেনি। 

পরিবারের সদস্যরা আশপাশে খোঁজ করেও তার সন্ধান পায়নি। এ ঘটনায় ওই দিনই শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

সোমবার বিকালে বয়রা সমাধানের মোড় এলাকায় একটি ডোবার কালভার্টের নিচে বরশি দিয়ে মাছ ধরার সময় শিশুটির মরদেহ ভাসতে দেখেন এক ব্যক্তি। পরে পরনের জিন্স প্যান্ট দেখে পরিবারের সদস্যরা সাউমী সাবাকে শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত শিশুর মামা বেলায়েত হোসেন বলেন, “আমার ভাগনির পিঠে নির্যাতনের চিহ্ন রয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ডোবায় ফেলে দেওয়া হয়েছে।”

কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, “আমাদের ধারণা, বৃষ্টিতে ভিজতে গিয়ে শিশুটি পানিতে পড়ে মারা গেছে। ময়নাতদন্ত করার পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”