টানা ৭ ম্যাচে গোল করে মেসির অনন্য কীর্তি
ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করলেন আর্জেন্টিনার মহানায়ক।
দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে বদলি নামার কিছুক্ষণ পর প্রথম সুযোগ পেলেন লিওনেল মেসি। ফ্রি কিক লক্ষ্যে রাখতে পারলেন না আর্জেন্টিনা অধিনায়ক। একটু পরে আরেকটি ফ্রি কিক পেলেন তিনি, এবার খুঁজে নিলেন জাল। সঙ্গে এমন একটি উচ্চতায় পৌঁছালেন তিনি, যেখানে নেই আর কেউ!
জর্ডানের বিপক্ষে ৮০তম মিনিটে জালের দেখা পান মেসি। চলতি আসরে এটি তার ষষ্ঠ গোল, বিশ্বকাপে সব মিলিয়ে ১৯তম।
আর প্রথম খেলোয়াড় হিসেবে টানা সাত ম্যাচে গোল করলেন তিনি!
এই আসরের আগে বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি ম্যাচে গোলের রেকর্ড ছিল জুস্ত ফঁতেন ও জাইরজিনিয়োর। ১৯৫৮ আসরে টানা ছয় ম্যাচে গোল করেন ফরাসি ফরোয়ার্ড ফঁতেন। আর ১৯৭০ আসরে তাকে স্পর্শ করেন ব্রাজিলের জাইরজিনিয়ো।
বিশ্বকাপে সবশেষ গত আসরে পোল্যান্ডের বিপক্ষে গোল পাননি মেসি। সেবার শেষ ষোলোয় অস্ট্রেলিয়া, কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডস, সেমি-ফাইনালে ক্রোয়েশিয়া ও ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জালের দেখা পান তিনি।
এবার আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে ফঁতেন ও জায়ারজিনিয়োকে স্পর্শ করেন মেসি। জর্ডানের বিপক্ষে গোল করে রেকর্ড একার করে নিলেন তিনি।
২০২২ বিশ্বকাপ যেখানে শেষ করেন, এবার যেন ঠিক সেখান থেকেই শুরু করলেন মেসি। এবার বরং ফিনিশিংয়ে আরও বেশি কার্যকর তিনি। গোল্ডেন বুটের লড়াইয়ে অন্যদের চেয়ে এগিয়ে আছেন তিনি দুই গোলে।
