২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিধ্বস্ত’ কেইন দায় নিলেন হারের

এই হতাশা কাটিয়ে উঠতে সময় লাগবে, বলেছেন ইংলিশ অধিনায়ক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2022, 10:39 PM

Updated : 11 Dec 2022, 10:39 PM

ফ্রান্সের বিপক্ষে পেনাল্টি মিসের বেদনা কুড়ে কুড়ে খাচ্ছে হ্যারি কেইনকে। বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে হারের দায় নিজের কাঁধে নিলেন ইংল্যান্ডের অধিনায়ক। হতাশা কাটিয়ে উঠতে সময় লাগবে বলে মনে করেন তিনি।

আল বাইত স্টেডিয়ামে শনিবার শেষ আটে বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে ২-১ গোলে হারে ইংল্যান্ড।

শুরুতে পিছিয়ে পড়ার পর পেনাল্টি গোলেই দলকে সমতায় ফেরান কেইন। সঙ্গে তিনি স্পর্শ করেন ইংল্যান্ডের জার্সিতে ওয়েইন রুনির সবচেয়ে বেশি গোলের রেকর্ড।

দ্বিতীয় দফা গোল হজমের পর শেষ দিকে ইংলিশদের সামনে আবার সুযোগ আসে ম্যাচে ফেরার। এবার স্পট কিকে উড়িয়ে মারেন কেইন।

চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছিলেন কেইন। সেবার ইংল্যান্ড বিদায় নিয়েছিল সেমি-ফাইনাল থেকে। এবার তাদের পথচলা থেমে গেল শেষ আটেই।

ম্যাচে পিছিয়ে থাকা অবস্থায় পেনাল্টি মিস করায় মুষড়ে পড়েছেন কেইন। রোববার টুইটারে বললেন হতাশার কথা, সঙ্গে জানালেন ঘুরে দাঁড়ানোর আশাবাদ।

“আমি একেবারে ভেঙে পড়েছি। আমরা সবকিছু দিয়ে চেষ্টা করেছি। ছোট্ট ভুলে সবকিছু শেষ হয়ে গেল। এজন্য আমি দায় নিচ্ছি। লুকানোর কিছু নেই, এই বিদায় কষ্ট দিচ্ছে। কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে, তবে এসব খেলাধুলারই অংশ।”