২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির আর্জেন্টিনা নাকি মদ্রিচের ক্রোয়েশিয়া

স্বপ্নের ফাইনালে পা রাখার পথে আর্জেন্টিনার সামনে বাধা ক্রোয়েশিয়া।

মেসির আর্জেন্টিনা নাকি মদ্রিচের ক্রোয়েশিয়া

লড়াইটা দুই দলের দুই অধিনায়ক মেসি আর মদ্রিচেরও

আবু হোসেন পরাগ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2022, 09:02 AM

Updated : 13 Dec 2022, 11:05 AM

শঙ্কার দোলাচল, রোমাঞ্চের নানা অলিগলি পেরিয়ে বিশ্বকাপের সেমি-ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা। সামনে এখন স্রেফ দুটি ধাপ। জিততে হবে দুই ম্যাচ। তাহলেই ধরা দেবে স্বপ্নের সোনালী ট্রফিটা। সেই পথে এগিয়ে যেতে দুবারের বিশ্বকাপ জয়ীদের সামনে বড় বাধা এবার গত আসরের রানার্সআপ ক্রোয়েশিয়া।

প্রথম সেমি-ফাইনালে মঙ্গলবার ক্রোয়েশিয়ার মুখোমুখি আর্জেন্টিনা। লুসাইল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

সেই ক্রোয়েশিয়া, কোয়ার্টার-ফাইনালে যারা স্তব্ধ করে দেয় টুর্নামেন্টের হট ফেভারিট ব্রাজিলকে। অতিরিক্ত সময়ে নেইমারের দুর্দান্ত গোলে যখন পিছিয়ে, বিদায় ঘন্টা বেজে যাওয়ার যখন আর কয়েক মিনিট বাকি, অবিশ্বাস্যভাবে তখন ঘুরে দাঁড়ায় ক্রোয়াটরা। এরপর টাইব্রেকারের অগ্নি পরীক্ষায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো তারা জায়গা করে নেয় শেষ চারে।

শেষ ষোলোয় ভয়ঙ্কর সুন্দর ফুটবল খেলে দক্ষিণ কোরিয়াকে গুঁড়িয়ে দেওয়ার পর ব্রাজিলের পথচলা শেষ আটে থেমে যাবে, কজন ভাবতে পেরেছিল? তবে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত হাল না ছাড়ার অদম্য মানসিকতায় অনেক প্রতিকূলতা মাড়িয়ে ক্রোয়াটরা আরেকবার প্রমাণ করেছে, আবার সেমি-ফাইনালে খেলা তাদের প্রাপ্য, তাদের অবমূল্যায়ন করার কোনো সুযোগ নেই।

২০০২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপের ফাইনালে ওঠার হাতছানি এখন ক্রোয়েশিয়ার সামনে। আর্জেন্টিনার সামনে তিন আসরের মধ্যে দ্বিতীয়বার ফাইনালে খেলার সুযোগ।

Image

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার হাতছানি ক্রোয়েশিয়ার সামনে

আর্জেন্টাইনদের আসরের শুরুটা যদিও হয়েছিল দুঃস্বপ্নের মতো। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে, বিশ্বকাপে ৩৬ বছরের শিরোপা খরা কাটাতে কাতারে এসে প্রথম ম্যাচে তাদের দেখতে হয় মুদ্রার উল্টো পিঠ; হেরে বসে শক্তি-সামর্থ্যে কিংবা র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা সৌদি আরবের কাছে। তখন গ্রুপ পর্ব থেকেই বিদায়ের চোখ রাঙানি। এরপর একেকটি ‘নকআউট’ ম্যাচ জিতে লিওনেল স্কালোনির দল এখন স্বপ্নপূরণের আরও কাছে।

দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক লিওনেল মেসি। বয়স হয়ে গেছে ৩৫। সম্ভাব্য শেষ বিশ্বকাপ তার। শেষ সুযোগও। অর্জনে ভরপুর ক্যারিয়ারে শুধু বিশ্বকাপ শিরোপাটাই এখনও অধরা। দিয়েগো মারাদোনার ছায়া থেকে বেরিয়ে আসতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আর্জেন্টাইন ফুটবলারের তুলনায় এগিয়ে থাকতে মেসির জন্য বিশ্বকাপ জয়ের বিকল্প নেই। ১৯৮৬ বিশ্বকাপে যা প্রায় একক নৈপুণ্যে করে দেখিয়েছিলেন মারাদোনা। তারপর থেকে বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য শুধু হাহাকারের গল্প।

মেসি নিজেও এবার দারুণ ছন্দে আছেন। পাঁচ ম্যাচে করেছেন চার গোল। চলতি আসরে মেসির চেয়ে বেশি গোল আছে শুধু তার পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপের, পাঁচটি। বিশ্ব মঞ্চে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে তিনি পাশে বসেছেন গাব্রিয়েল বাতিস্তুতার, দুজনেরই ১০টি করে। অবশ্য আর্জেন্টিনার এই দলে শুধু পরিসংখ্যান দিয়ে মেসির অবদান বোঝানো সম্ভব নয়।

তার পারফরম্যান্স দেখে বোঝার উপাই নেই বয়স হয়ে গেছে ৩৫। যেন এখনও সেই টগবগে যুবক, আগের মতোই কার্যকর। কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে তার জাদুকরী পাস থেকেই গোলের আগল খোলে আর্জেন্টিনার। শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার জমাট রক্ষণ ভেদ করে দারুণ নৈপুণ্যে তিনি নিজেই খুঁজে নেন ঠিকানা। গ্রুপ পর্বে মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষেও দেখা গেছে একইরকম পারফরম্যান্স।

Image

অধরা বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরতে মেসির চাই দুই জয়

সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা বড় হুমকি হতে পারেন ক্রোয়েশিয়ার জন্যও। ব্রাজিলের বিপক্ষে বদলি নেমে গোল করা ক্রোয়াট ফরোয়ার্ড ব্রুনো পেতকোভিচ যদিও বলে দিয়েছেন, শুধু মেসিকে নিয়ে তারা ভাবছেন না।  

“মেসিকে থামানোর জন্য আমাদের এখনও নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই। সাধারণত আমরা একজন খেলোয়াড়কে আটকানোর দিকে মনোযোগ দিই না, বরং পুরো দলকে থামানোর চেষ্টা করি।”

“দল হিসেবে আমরা তাদের থামানোর চেষ্টা করব, ম্যান-মার্কিং করে নয়। আর্জেন্টিনা দলে কেবল মেসিই নন, তাদের বেশ কয়েকজন দারুণ খেলোয়াড় আছে। আমাদের পুরো আর্জেন্টিনা দলকে থামাতে হবে।”

লড়াইটা ক্রোয়েশিয়া-আর্জেন্টিনার হলেও সেখানে আরেকটি দ্বৈরথ থাকবে নিশ্চিতভাবে, মেসি ও লুকা মদ্রিচের। ৩৭ বছর বয়সী প্লেমেকার মদ্রিচই ক্রোয়াটদের চালিকা শক্তি, দলের সবার জন্য বড় অনুপ্রেরণা।

২০০৬ সালের মার্চে আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে মদ্রিচের পথচলা শুরু। আসছে লড়াইয়ে হেরে গেলে হয়তো ক্রোয়েশিয়ার হয়ে শেষের খুব কাছে চলে যাবেন তিনি।

১৬ বছর আগে মদ্রিচের অভিষেকের সেই ম্যাচটি বিশেষ কিছু হয়ে আছে মেসির জন্যও। আর্জেন্টিনার জার্সিতে ৯৫ গোলের প্রথমটির দেখা তিনি পেয়েছিলেন যে ওই ম্যাচেই। তার দল যদিও হেরে গিয়েছিল ৩-২ গোলে।

Image

ক্রোয়েশিয়ার চালিকা শক্তি অধিনায়ক মদ্রিচ

দুই দলের সবশেষ দেখায়ও পরাজিত দলের নাম আর্জেন্টিনা। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াইয়ে দক্ষিণ আমেরিকার দলটিকে স্রেফ গুঁড়িয়ে দিয়ে ৩-০ গোলে জিতেছিল ক্রোয়েশিয়া।

এই দুই বিশ্বকাপে এখনও পর্যন্ত ১২ ম্যাচ খেলে ক্রোয়াটরা হেরেছে কেবল একটি, গত আসরের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে। গতবার ফাইনালে ওঠার পথে শেষ ষোলো ও শেষ আট, দুটি ম্যাচেই তারা জিতেছিল টাইব্রেকারে। এবারও তাই।

শেষ ষোলোয় জাপানের বিপক্ষে পেনাল্টি শুটআউটে তিনটি সেভ করে জয়ের নায়ক ছিলেন দমিনিক লিভাকভিচ। ব্রাজিলের বিপক্ষেও প্রথম শট ঠেকিয়ে সুর বেঁধে দেন ২৭ বছর বয়সী এই গোলরক্ষক।

আর্জেন্টিনাও শেষ আটে ডাচদের হারায় টাইব্রেকারে। যেখানে দুটি শট ঠেকিয়ে শেষের নায়ক এমিলিয়ানো মার্তিনেস। এবারের ম্যাচ টাইব্রেকারে গেলে লড়াইটা হবে তাই দুই গোলরক্ষকেরও।

আর্জেন্টিনা কোচ স্কালোনির জন্য কিছুটা দুর্ভাবনাও আছে। কার্ডের খাঁড়ায় এই ম্যাচে দুই ডিফেন্ডার মার্কোস আকুনিয়া ও গনসালো মনতিয়েলকে পাবেন না তিনি।

Image

মেসিদের সামনে এবার বড় পরীক্ষা

আনহেল দি মারিয়া ও রদ্রিগো দে পলের ফিটনেস নিয়েও উঠছিল প্রশ্ন। তবে এই দুই মিডফিল্ডার খেলার জন্য প্রস্তুত, ম্যাচের আগের দিন বলেছেন স্কালোনি। টিকে থাকার লড়াইয়ে আর্জেন্টিনা নিজেদের খেলার ধরনে কোনো পরিবর্তন আনবে না বলেও স্পষ্ট করে জানিয়েছেন তিনি।

“আমাদের খেলার নিজস্ব পদ্ধতি আছে, ধরন আছে। অবশ্যই নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে প্রতিপক্ষ কিভাবে খেলছে, সেটাও আমাদের বিবেচনায় নিতে হবে। তবে প্রক্রিয়ার বাইরে গিয়ে আমাদের (খেলার) ধরন বদলাব না। খেলা চলাকালে অবশ্যই আমরা (পরিস্থিতি অনুযায়ী) সিদ্ধান্ত নেব এবং সামনে আসা চ্যালেঞ্জ মোকাবিলা করব।”

ক্রোয়েশিয়া শিবিরে চোট কিংবা কার্ডের নিষেধাজ্ঞার মতো কোনো বিষয় নেই। জ্লাতকো দালিচের দল এখন আত্মবিশ্বাসে টইটম্বুর। মেসিদের সামনে অপেক্ষায় তাই কঠিন পরীক্ষা। সেখানে শেষ পর্যন্ত হাসিটা কাদের মুখে থাকে, সেটিই দেখার।