মেসির বিদায়ী ম্যাচ: আর্জেন্টিনার বিরুদ্ধে অপমান করার অভিযোগ বেনিনের
বেনিনের প্রধান কোচের দাবি, ম্যাচটি খেলে কিছুই পায়নি তারা, কেবল বঞ্চনা আর অবজ্ঞা ছাড়া।
লিওনেল মেসির বিদায়ী ম্যাচের জন্য বেনিন ফুটবল দলকে ডেকে নিয়ে ‘অপমান করা হয়েছে’, এমন গুরুতর অভিযোগ তুলেছেন আফ্রিকার দলটির কোচ গের্নট হোয়া। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পাশাপাশি প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের থেকেও অবজ্ঞার শিকার হওয়ার দাবি করেছেন এই জার্মান কোচ।
বুয়েন্স আইরেসের স্তাদিও মনুমেন্তালে বাংলাদেশ সময় বুধবার ভোরে আর্জেন্টিনার জার্সিতে শেষবার মাঠে নামেন মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচটিতে একটি গোল করার পাশাপাশি অন্য দুই গোলেও অবদান রাখেন আর্জেন্টিনা অধিনায়ক।
আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের শেষ ম্যাচেও মেসির এমন দাপুটে পারফরম্যান্স সবকিছুকে যেন আরও রঙিন, সুন্দর, অর্থবহ করে তোলে। তবে ম্যাচ শেষ হতেই আরেক পাশে বেনিনের জন্য ‘সবকিছু তিক্ত হতে থাকে।’
ম্যাচের শুরু ও শেষে ছিল অনেক আয়োজন, নানা রঙের আতশবাজির ঝলক- সবকিছুর কেন্দ্রে অবশ্যই ছিলেন মেসি। কিন্তু তার বিদায়ের উপলক্ষটা স্মরনীয় করে রাখতে বেনিনের ভূমিকাও তো কম নয়; সেই তাদের সঙ্গেই এমন আচরণ কিছুতেই মানতে পারছেন না হোয়া।
আরএমসি রেডিওর এক অনুষ্ঠানে ওই সময়ের কথা বলতে গিয়ে ক্ষোভ ঝারলেন হোয়া।
“হ্যাঁ, (আমাদের জন্য পরিস্থিতি) খুব কঠিন ছিল। আমরা চেষ্টা করেছি। সবচেয়ে বড় হতাশার হলো, আর্জেন্টিনা আমাদের কিছুই দেয়নি। মেসির সঙ্গে কোনো ছবি তুলতে দেয়নি, জার্সিও নয়। এমনকি তারা আমাদের টানেলেও ঢুকতে দেয়নি, ড্রেসিং রুমেও নয়।
“নিরাপত্তাকর্মীরা কাউকে ঢুকতে দেয়নি। (আমাদের) কয়েকজন খেলোয়াড় (তাদের কয়েকজনের সঙ্গে) জার্সি বদল করতে চেয়েছিল (কিন্তু পারেনি)। আমরা সব চেষ্টাই করেছি, কিন্তু কিছুই পাইনি।”
শেষ পর্যন্ত আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সৌজন্যে সান্ত্বনার কিছু একটা পাওয়ার কথা জানান কোচ।
“আমরা বেনিনের রঙের-হলুদ, লাল ও সবুজ, এক তোড়া ফুল দিতে চেয়েছিলাম, কিন্তু সেটাও হয়নি।
“তবে আমি মেসির ২০১৮ সালের একটা জার্সি স্কালোনিকে দিই, এবং তিনি সেটায় মেসির স্বাক্ষর নিয়ে আমাকে ফেরত দেন, এটুকুই।”
বিতর্কের শেষ নয় এখানেই। ফরাসি সাংবাদিক হোমাঁ মলিনার দেওয়া খবর অনুযায়ী, ম্যাচটি খেলে বেনিনের খেলোয়াড় ও স্টাফরা কোনো অর্থ পাননি। ম্যাচটি থেকে যে আয় করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, তার কিছুই বেনিনকে দেওয়া হয়নি বলেও লিখেছেন তিনি।
অবশ্য এ বিষয়ে দুই ফেডারেশনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি।
