০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

বেনিনের ‘সবাই’ মেসির বিদায়ী জার্সি পেতে চায়

তাই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে একটি আর্জিও জানালেন বেনিনের গোলরক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 05 Oct 2026, 11:34 PM

Updated : 05 Oct 2026, 11:34 PM

আর্জেন্টিনার আসন্ন ম্যাচটি কেবল একটি প্রীতি ম্যাচ নয়, বরং তার চেয়েও বেশি কিছু। বেনিনের বিপক্ষে ম্যাচটি দিয়েই যে দেশের জার্সিতে বর্ণাঢ্য ও গৌরবময় যাত্রার ইতি টানবেন লিওনেল মেসি। আর্জেন্টাইন জাদুকরের বিদায়ী জার্সি নিশ্চিতভাবেই তাই ব্যক্তিগত সংগ্রহের মূল্যবান সামগ্রীতে পরিণত হবে।

বেনিনের গোলরক্ষক মার্সেল দাঞ্জিনু আগেই সতর্ক করে দিয়ে বললেন, জার্সিটি পাওয়ার জন্য দীর্ঘ লাইন তৈরি হবে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে একটি অনুরোধও রাখলেন তিনি।

বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর পাঁচটায় শুরু হবে ম্যাচটি। শেষবারের মতো আকাশী নীল-সাদা জার্সিতে মাঠে নামবেন মেসি।

ম্যাচটিতে বিশেষ এক জার্সি পরবেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের নায়ক। অন্য সময়ের চেয়ে তার এবারের জার্সির নকশায় বেশ কিছু ক্ষেত্রে থাকছে ভিন্নতা। মূল রঙের ক্ষেত্রে থাকবে হালকা নীল, আর মাঝে একটাই সাদা স্ট্রাইপ। আর পেছনে তার নাম ও ১০ নম্বর লেখা হয়েছে সোনালী রঙে।

দাঞ্জিনু জানালেন, আন্তর্জাতিক ফুটবলে মেসির বিদায়ী জার্সিটি পেতে তার দলের সবাই কতটা আগ্রহী।

“আমার দলের কাউকে জিজ্ঞেস করলেই দেখবেন, সবাই ওই জার্সিটি পেতে চায়। তাই অনেকগুলো জার্সি তৈরি করে প্রত্যেক খেলোয়াড়কে একটি করে দেওয়া হলে খুব ভালো হতো। কারণ, যদি মাত্র একজন গিয়ে জার্সিটি চাইত (তাহলে হতো), কিন্তু আমার মনে হয় না কাজটা সহজ হবে: আমরা সবাই যে ওটা পেতে চাই।”