০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

রোসারিওতে মেসির জন‍্য দারুণ শ্রদ্ধাঞ্জলি

জাতীয় পতাকা স্মৃতিসৌধে লিওনেল মেসির ১০ নম্বর জার্সি প্রদর্শন করে লেখা হয়েছে ‘ধন‍্যবাদ।’

রোসারিওতে মেসির জন‍্য দারুণ শ্রদ্ধাঞ্জলি

ছবি: টিওয়াইসিস্পোর্টস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Oct 2026, 06:17 PM

Updated : 06 Oct 2026, 06:17 PM

লিওনেল মেসির বিদায়ী আন্তর্জাতিক ম‍্যাচ রাঙিয়ে রাখতে আয়োজনের কোনো কমতি নেই আর্জেন্টিনায়। সেখানে যোগ দিয়েছে মহাতারকার নিজের শহর রোসারিও। সেখানে জাতীয় পতাকা স্মৃতিসৌধে মেসির বিশালকারের একটি ১০ নম্বর জার্সি প্রদর্শন করা হচ্ছে।

স্মৃতিসৌধের পাদদেশে রাখা হয়েছে ৩০ মিটার দীর্ঘ ওই জার্সি। ১০ নম্বর ও এর উপরে ‘ধন‍্যবাদ’ লেখা হয়েছে সোনালী রঙয়ে। দ্রুতই ভক্তদের মধ‍্যে ছড়িয়ে পরে এই জার্সির ছবি ও ভিডিও।

জার্সিতে কোনো নাম নেই। তবে এটা যে মহানায়ক মেসির প্রতি শ্রদ্ধাঞ্জলি তা বুঝতে অসুবিধা হচ্ছে না কারোর। গত দেড় দশকের বেশি সময় ধরে আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি ও মেসি তো সমার্থক।

বেনিনের বিপক্ষে বাংলাদেশ সময় বুধবার ৫টায় (এএম) শেষবার বিখ‍্যাত এই জার্সি পরে নামবেন মেসি। ম‍্যাচের আগে অনেক আয়োজন রেখেছে আর্জেন্টিনা ফুটবল অ‍্যাসোসিয়েশন। গান গাইবেন অনেক তারকা শিল্পী।

ম‍্যাচ শেষে মেসিকে দেওয়া হবে একটি সম্মাননা স্মারক। স্টেডিয়ামের স্ক্রিনগুলোতে দেখানো হবে একটি আবেগঘন ভিডিও।

এর আগে জাতীয় দলের হয়ে শেষবার অনুশীলন সেশনে অংশ নিয়েছেন মেসি। অনুশীলনের বেশ কিছু ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে ছোট্ট একটা বার্তায় নিজের অনুভূতি জানিয়েছেন তিনি, “বিশেষ মুহূর্তগুলো আমি জানি মিস করব।”