সমালোচনার জবাব দিতে পেরে খুশি ডামফ্রিস
যুক্তরাষ্ট্রের বিপক্ষে দারুণ এই পারফরম্যান্স আগামীতে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও বিশ্বাস এই ডাচ ডিফেন্ডারের।
নেদারল্যান্ডসের আক্রমণভাগে আছেন দারুণ কয়েকজন খেলোয়াড়। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ছাপিয়ে গোল করে ও করিয়ে সব আলো কেড়ে নেন ডেনজেল ডামফ্রিস। সতীর্থদের দিয়ে দুই গোল করানোর পর শেষের দিকে জালের দেখা পান এই ডিফেন্ডার। দারুণ এই পারফরম্যান্সের পর তিনি বললেন, সমালোচনার জবাব দিতে পেরে নির্ভার লাগছে তার।
যুক্তরাষ্ট্রের বিখ্যাত অভিনেতা ডেনজেল ওয়াশিংটনের নামে ডামফ্রিসের নামকরণ করেন তার মা-বাবা। শেষ ষোলোয় সেই ওয়াশিংটনের দেশের বিপক্ষেই বিশ্বকাপে এখন পর্যন্ত নিজের সেরা খেলা উপহার দিলেন ২৬ বছর বয়সী এই ফুটবলার।
শেষ ষোলোর প্রথম ম্যাচে গত শনিবার যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারায় নেদারল্যান্ডস। প্রথমার্ধে মেমফিস ডিপাই ও ডালে ব্লিন্ডের গোলে অ্যাসিস্ট করেন ডামফ্রিস। বিরতির পর যুক্তরাষ্ট্র এক গোল করার পর ৮১তম মিনিটে দলটির কফিনে শেষ পেরেক ঠুকে দেন এই মৌসুমে ইন্টার মিলানে যোগ দেওয়া ডামফ্রিস।
ম্যাচের পর ডামফ্রিস বলেন, দলের জয়ে অবদান রাখতে পেরে তিনি খুশি।
“ম্যাচে একটাই লক্ষ্য ছিল, জেতা এবং আমি খুশি যে আমি দলকে সাহায্য করতে পেরেছি। ডালের (ব্লিন্ড) জন্যও আমি খুশি। সত্যি বলতে, সাম্প্রতিক সময়ে আমাদের দুজনকেই কিছু সমালোচনা শুনতে হয়েছে। আমরা আজ মাঠে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরেছি, যা আমাদের জন্য দারুণার বলে আমি মনে করি।”
কোয়ার্টার-ফাইনালে আগামী শুক্রবার আর্জেন্টিনার বিপক্ষে খেলবে লুই ফন খালের দল।
