২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অভিজ্ঞ সেইন্সবুরিকে ছাড়াই অস্ট্রেলিয়া দল

৩০ বছর বয়সী এই অভিজ্ঞ ডিফেন্ডারকে বাদ দেওয়া কঠিন সিদ্ধান্ত ছিল বলে জানিয়েছেন অস্ট্রেলিয়া কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2022, 08:30 PM

Updated : 08 Nov 2022, 08:30 PM

সাম্প্রতিক সময়ে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকার চড়া মাশুল দিতে হলো ট্রেন্ট সেইন্সবুরির। অভিজ্ঞ এই ডিফেন্ডার জায়গা পেলেন না অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে। 

১৪ নভেম্বর পর্যন্ত অপেক্ষা না করে একটু আগেভাগে কাতার আসরের দল ঘোষণা করেছেন কোচ গ্রাহাম আর্নল্ড। ২৬ জনের দলে সেইন্সবুরির জায়গা না পাওয়াটা বিস্ময়ের জন্ম দিয়েছে। ২০১৫ সালে এশিয়ান কাপ জয়ে অস্ট্রেলিয়ার রক্ষণে দারুণ ভূমিকা রেখেছিলেন তিনি। 

এরপর থেকে দলটির রক্ষণের প্রাণ ছিলেন সেইন্সবুরি। তবে সাম্প্রতিক সময়ে ছন্দে ছিলেন না তিনি। গত কয়েক সপ্তাহ খেলার বাইরেও ছিলেন ৩০ বছর বয়সী এই ডিফেন্ডার। তারপরও অভিজ্ঞতার বিচারে তিনি দলে ডাক পাবেন বলেই ধারণা ছিল অনেকের। 

তবে শেষ পর্যন্ত কোচের আস্থা জয় করতে পারেননি সেইন্সবুরি। কোচ আর্নল্ডের সঙ্গে মাঠের বাইরেও ঘনিষ্ঠ সম্পর্ক তার; কাতারের ক্লাব আল-ওয়াকরাহর ফুটবলার সেইন্সবুরি বিয়ে করেছেন আর্নল্ডের মেয়ে এলিসাকে। 

কিন্তু পেশাদারিত্বের জায়গায় কোনো ছাড় দেননি কোচ। ছন্দে থাকা ও খেলার মধ্যে থাকা ফুটবলারদের নিয়েই দল গঠন করেছেন তিনি। তবে, সেইন্সবুরিকে দলে না রাখার সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল বলে জানান অস্ট্রেলিয়া কোচ। 

আর্নল্ডের দলে ঠাঁই পেয়েছেন ১৮ বছরের তরুণ ফরোয়ার্ড গ্যারাং কৌল ও স্কটল্যান্ডকে বিদায় বলে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে তোলা জেসন কামিংস। 

২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে অস্ট্রেলিয়ার সঙ্গী ফ্রান্স, ডেনমার্ক ও তিউনিশিয়া। ২২ নভেম্বর প্রতিযোগিতার শিরোপাধারী ফ্রান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শুরু করবে অস্ট্রেলিয়া। 

অস্ট্রেলিয়া দল: 

গোলকিপার: ম্যাট রায়ান (অধিনায়ক) (কোপেনহেগেন), ড্যানি ভুকোভিচ (সেন্ট্রাল কোস্ট মেরিনার্স), অ্যান্ড্রু রেডমেইনে (সিডনি)। 

ডিফেন্ডার: হ্যারি সৌটার (স্টোক সিটি), মিলোস ডেগেনেক (কলম্বাস ক্রু), বেইলি রাইট (সান্ডারল্যান্ড), টমাস ডেং (আলবিরেক্স নিগাতা), ফ্রান কারাচিচ (ব্রেসিয়া), নাথানিয়েল অ্যাটকিন্সন (হার্ট অব মিডলোথিয়ান), আজিজ বেহিচ (ডান্ডি ইউনাইনেড), কাই রোলেস (হার্ট অব মিডলোথিয়ান), জোয়েল কিং (ওবি)। 

মিডফিল্ডার: অ্যারন মোই (সেল্টিক), জ্যাকসন ইরভিন (সেন্ট পাউলি), অ্যাজডিন রুস্টিক (হেল্লাস ভেরোনা), ক্যামেরুন ডেভলিন (হার্ট অব মিডলোথিয়ান), রিলেই ম্যাকগ্রি (মিডলসবরো) কিয়ানু ব্যাকাস (সেন্ট মিরেন)। 

ফরোয়ার্ড: জেমি ম্যাকলারেন (মেলবোর্ন সিটি), মিচেল ডিউক (ফাজিয়ানো ওকাইয়ামা), জেসন কামিন্স (সেন্ট্রাল কোস্ট মেরিনার্স), গ্যারাং কৌল (সেন্ট্রাল কোস্ট মেরিনার্স), অ্যাওয়ার ম্যাবিল (কাদিস), ম্যাথু লেকি (মেলবোর্ন সিটি), ক্রেইগ গুডউইন (অ্যাডিলেইড ইউনাইটেড) ও মার্টিন বয়ল (হিবারনিয়ান)।