২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

যে কারণে মিরপুর টেস্টে নেই মুশফিক

আগের দিন নেটে ব্যাটিংয়ের সময় চোট পেলেও দল দেখে বলা হয়েছিল, সেই চোট গুরুতর নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 28 Oct 2026, 10:37 AM

Updated : 28 Oct 2026, 10:37 AM

রৌদ্রজ্জ্বল সকালে টস করতে পিচের কাছে গেলেন নাজমুল হোসেন শান্ত ও রস্টন চেইস। সীমানা দড়ির বাইরে দিয়ে তখন অনুশীলন জার্সি পরে দৌড়াতে ব্যস্ত মুশফিকুর রহিম। ধারণা ছিল, একটু পরই হয়তো সাদা পোশাক গায়ে খেলতে নামবেন অভিজ্ঞ ব্যাটসম্যান। আগেও নানা সময়ে এরকমই দেখা গেছে। কিন্তু এবার ব্যতিক্রম।

শান্ত টস জিতে ব্যাটিং নেওয়ার পর একাদশে দেখা গেল না ৩৯ বছর বয়সী ব্যাটসম্যানের নাম। তাতে ছড়িযে পড়ল বিস্ময়। আগের দিন চোট পেলেও তার খেলা নিয়ে কোনো সংশয়ের কথা শোনা যায়নি।

তবে আঙুলের সেই চোটেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। খেলা শুরুর পর ভিডিও বার্তায় জতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম বলেন, পুরোপুরি সুস্থ হতে তিন দিন লেগে যাবে মুশফিকের।

“মুশফিকুর রহিম গতকাল অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে একটা ব্যথা পেয়েছে। পরবর্তী সময় থেকে সে পর্যবেক্ষণে ছিল। আজকে সকাল পর্যন্ত যথেষ্ট উন্নতি হয়নি। এটা একটা কনটিউশন ইনজুরি। আশা করছি, আগামী তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। পরের ম্যাচ সে খেলতে পারবে।”

এর আগে সবশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই টেস্টে মুশফিককে ছাড়া খেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে ছাড়া সবশেষ টেস্টও ছিল একই বছর মার্চে, শ্রীলঙ্কার বিপক্ষে।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার গা গরমের পর নেট সেশনের জন্য একাডেমি মাঠে যান ক্রিকেটাররা। সবার আগে ব্যাট হাতে নেটে নেমে পড়েন মুশফিক। তবে অন্যান্য দিনের তুলনায় আগেভাগেই শেষ হয়ে যায় ব্যাটিং।

নেট বোলারের বাউন্সার হঠাৎ এসে লাগে মুশফিকের ডানহাতের তর্জনীতে। সঙ্গে সঙ্গে বসে পড়েন তিনি। পরে দ্রুতই নেট ছেড়ে বেরিয়ে চলে যান। ফিজিও বায়েজিদুল কাছাকাছিই ছিলেন। তার তত্ত্বাবধানে চলে প্রাথমিক শুশ্রূষা। এরপর আর ব্যাটিংয়ে ফেরেননি মুশফিক।

পরে খোঁজ নিলে বিসিবির চিকিৎসা বিভাগের পক্ষ থেকে জানানো হয়, স্ক্যানে বড় কিছু ধরা পড়েনি মুশফিকের। তাই প্রথম ম্যাচ খেলতে সমস্যা নেই তার। কিন্তু শেষ পর্যন্ত সেই চোটের কারণেই প্রায় দুই বছর পর টেস্ট একাদশের বাইরে সাবেক অধিনায়ক।