২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেসিকে সমর্থন করি, এটিই মূল বিষয়’

সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনার পরাজয় ‘স্বাভাবিকভাবেই’ নিচ্ছেন মাশরাফি বিন মর্তুজা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2022, 06:20 PM

Updated : 23 Nov 2022, 06:20 PM

ক্রিকেটের মানুষ হলেও ফুটবল নিয়েও মাশরাফি বিন মর্তুজার তুমুল আগ্রহ। প্রিয় দলের প্রশ্নে সবসময় একবাক্যে আর্জেন্টিনার নাম বলেন তিনি। তবে কখনও ‘বিশ্বকাপ জেতার আশা নিয়ে’ আর্জেন্টিনার খেলা দেখেন না অভিজ্ঞ এই পেসার।  

রাজধানীর একটি অভিজাত হোটেলে বুধবার হয়ে গেল বিপিএলের নবম আসরের প্লেয়ার্স ড্রাফট। সিলেট স্ট্রাইকার্সের হয়ে ড্রাফটের টেবিলে ছিলেন মাশরাফি। খেলোয়াড় বাছাই শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। যেখানে উঠে আসে ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ।

কাতার বিশ্বকাপে মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরে গেছে মাশরাফির প্রিয় দল আর্জেন্টিনা। টুর্নামেন্টের ইতিহাসের অন্যতম সেরা অঘটন হিসেবে বিবেচনা করা হচ্ছে এটিকে। তবে মাশরাফি স্বাভাবিকভাবেই নিচ্ছেন এ পরাজয়টি।

মাশরাফি জানালেন, কখনও বিশ্বকাপ জেতার আশা নিয়ে আর্জেন্টিনার খেলা দেখতে বসেন না তিনি।

“(আর্জেন্টিনার পরাজয়ে) মন খারাপ বলতে, মানুষ যে দল সমর্থন করে সেই দল হারলে স্বাভাবিকভাবেই খারাপ লাগে। সত্যি বলতে আর্জেন্টিনাকে নিয়ে কখনও কোনো আশা ছিল না। ওইভাবে ভাবার কোনো সুযোগও নেই। যতদিন ধরে খেলা দেখছি, যতটুকু দেখে আসছি তাতে বিশ্বকাপ নেওয়ার মতো আশা কখনও দেখি না। (চ্যাম্পিয়ন) হলে সেটা অন্য ব্যাপার।”

ধারণা করা হচ্ছে, এবারই মেসির শেষ বিশ্বকাপ। ব্যক্তিগত অর্জনের ঝুলি কানায় কানায় পূর্ণ থাকলেও আর্জেন্টাইন অধিনায়কের বড় অপূর্ণতা একটি বিশ্বকাপ শিরোপা। তবে মাশরাফি মনে করেন, বিশ্বকাপ না জিতলেও মেসি সবসময় বড় খেলোয়াড় থাকবেন।

“মেসি বিশ্বকাপ জিতলেও আমাদের কিছু হবে না, হারলেও কিছু হবে না। সমর্থন করি, এটিই মূল বিষয়। মেসি অনেক বড় খেলোয়াড়। বিশ্বকাপ দিয়েই বিচার (করতে হবে এমন না), বা (ক্রিস্তিয়ানো) রোনালদো বলেন, এরা সবাই অনেক বড় খেলোয়াড়। সারা বিশ্ব হয়তো বলে ওদের কাছে বিশ্বকাপ থাকলে... তবে সত্যি বললে মেসি-রোনালদোরা অনেক বড় খেলোয়াড়।”