২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিশ্বকাপের পরেও মেসিকে আর্জেন্টিনা দলে দেখতে চায় বিশ্ব’

এজন্য দেশের রেকর্ড গোলদাতার ঠিকঠাক যত্ন নিতে হবে বলে মনে করেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2022, 08:48 PM

Updated : 09 Nov 2022, 08:57 PM

কাতারের আসর হতে যাচ্ছে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ- ফুটবলের মহাতারকা এই ঘোষণা দিয়ে রেখেছেন আগেই। বৈশ্বিক আসরের পর আর্জেন্টিনা দলে তার ভবিষ্যৎ কী? কোচ লিওনেল স্কালোনি মনে করেন, বিশ্বকাপের পরও জাতীয় দলকে অনেক কিছু দেওয়ার আছে মেসির। যতদিন সম্ভব তাকে ধরে রাখার চেষ্টা তারা করবেন।

মেসির বয়স এখন ৩৫। যদিও বয়সের ভার তার পারফরম্যান্সে সেভাবে চেপে বসেনি। প্রকৃতির নিয়মে গতি কিছুটা কমলেও কার্যকারিতায় খুব একটা প্রভাব পড়তে দেননি তিনি।

এই নিয়ে পঞ্চমবার বিশ্বকাপে খেলবেন আর্জেন্টিনার রেকর্ড গোলদাতা। রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী গত মাসে জানান, ২০ নভেম্বর শুরু কাতার আসরই তার শেষ বিশ্বকাপ।

আর্জেন্টিনার সিএনএন রেডিওর সঙ্গে আলাপচারিতায় বুধবার স্কালোনি বলেন, বিশ্বকাপের পরও মেসিকে জাতীয় দলে চান তারা। এজন্য পিএসজি ফরোয়ার্ডের ঠিকঠাক যত্ন নিতে হবে বলে মনে করেন তিনি।

“আশা করি, এটা মেসির শেষ বিশ্বকাপ নয়। সে মাঠে নামলে খুশি হয় এবং অনেক মানুষকে সে আনন্দ দেয়। আমরা যদি তার যত্ন নিই এবং যেভাবে নেওয়া দরকার সেভাবে নিই, তাহলে সে আরও অনেক ম্যাচ খেলতে পারে। ফুটবল বিশ্বও তাই চায়, এটা স্পষ্ট। তার যত্ন নেওয়া নির্ভর করছে আমাদের ওপর, যাতে সে মাঠে স্বাচ্ছন্দ্য বোধ করে।”

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের বিশ্বকাপ অভিযান। ‘সি’ গ্রুপে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।