বিশ্বকাপে প্রথম দেখা ‘সমানে-সমান’ বেলজিয়াম-ক্রোয়েশিয়ার
সমতা কী ভাঙতে পারবে তারা, সেটাই এখন দেখার।
পরস্পরের বিপক্ষে আগেও খেলেছে বেলজিয়াম ও ক্রোয়েশিয়া। মুখোমুখি হয়েছে গত বছরও। কিন্তু বিশ্বকাপে এই প্রথমবার দেখা হতে যাচ্ছে দল দুটির।
‘এফ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার মাঠের লড়াইয়ে নামবে ফিফা র্যাঙ্কিংয়ের দুই নম্বর বেলজিয়াম ও দ্বাদশ দল ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
এখন পর্যন্ত মুখোমুখি লড়াইয়ে বেলজিয়াম ও ক্রোয়েশিয়া আছে সমানে-সমান অবস্থানে। বিশ্ব মঞ্চে প্রথম সাক্ষাতে কি সমতা ভাঙতে পারবে তারা, সেটাই এখন দেখার।
শেষ ষোলোয় জায়গা করে নিতে হলে দুই দলের জন্যই ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে বেলজিয়ামের তো জয় ছাড়া বিকল্প আছে সামান্যই। ড্র হলেও নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা আছে তাদের। তবে গ্রুপের অন্য ম্যাচের ফলও আসতে হবে তাদের পক্ষে।
শক্তিশালী দুই দলের লড়াইয়ের আগে তাদের আরও কিছু পরিসংখ্যানে চোখ রাখা যাক।
* শেষ ষোলোয় জায়গা করে নিতে বেলজিয়ামের বিপক্ষে ড্র-ই যথেষ্ট ক্রোয়েশিয়ার জন্য।
* তাদের লড়াইটি ড্র হলে বেলজিয়ামকে নির্ভর করতে হবে গ্রুপের অন্য ম্যাচের ওপর। যেখানে মরক্কোকে কানাডা ৩ গোলে হারালে তাদের নকআউট পর্বে খেলার সম্ভাবনা তৈরি হবে।
* ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতে গেলে ‘এফ’ গ্রুপের শীর্ষ দল হয়ে পরের ধাপে যাবে এদের আজার-কেভিন ডি ব্রুইনেরা।
* কাতার আসরে এখন পর্যন্ত বেলজিয়ামের একমাত্র গোলদাতা মিচি বাতসুয়াই। তাদের সর্বোচ্চ স্কোরার রোমেলু লুকাকু সেরে উঠেছেন। ক্রোয়েশিয়া ম্যাচে শুরুর একাদশে দেখা যেতে পারে তাকে। তবে দুটি হলুদ কার্ড দেখা মিডফিল্ডার আমাদু ওনানাকে পাবে না তারা।
* গত ম্যাচে কানাডার বিপক্ষে ৪-১ ব্যবধানে জেতে ক্রোয়েশিয়া। বিশ্বকাপে এনিয়ে দ্বিতীয়বার প্রতিপক্ষকে ৪টি গোল দিল তারা। ২০১৪ সালে ক্যামেরুনের বিপক্ষে ৪-০ তে জিতেছিল ক্রোয়াটরা।
* স্বাধীনতা লাভের পর থেকে একটি বিশ্বকাপ ছাড়া সবকটিতেই খেলেছে ক্রোয়েশিয়া। বিশ্ব মঞ্চে তাদের অভিষেক ১৯৯৮ আসরে। সেবার সেমি-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে হেরেছিল তারা। সবশেষ ২০১৮ সালের বিশ্বকাপে ফাইনাল খেলে দলটি। এবারও তাদের হারিয়ে দেয় ফ্রান্স, ৪-২ গোলে।
* সবশেষ বিশ্ব মঞ্চে দারুণ এক কীর্তি গড়ে ক্রোয়েশিয়া। বিশ্বকাপের নকআউট পর্বে টানা তিন ম্যাচে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে জেতা একমাত্র দল তারা। ২০১৮ সালের ফাইনালে ওঠার পথে শেষ ষোলো, কোয়ার্টার-ফাইনাল ও সেমি-ফাইনালে এই কীর্তি গড়ে তারা। তিনটি ম্যাচই গড়িয়েছিল অতিরিক্ত সময়ে, যেখানে দুটি ম্যাচ শেষ হয়েছিল টাইব্রেকারে।
* ১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসরে খেলা বেলজিয়ামের বিশ্ব সেরার মঞ্চে এটি ১৪তম অংশগ্রহণ।
* বৈশ্বিক আসরে বেলজিয়ামের সর্বোচ্চ অর্জন তৃতীয় স্থান। ২০১৮ আসরে সেমি-ফাইনালে ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে যায় তারা। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জেতে ২-০ গোলে।
* গত বছর ক্রোয়েশিয়ার জনসংখ্যা ছিল প্রায় ৩৯ লাখ। ১৯৫০ সালের পর বিশ্বকাপের মূল পর্বে খেলা সবচেয়ে কম জনসংখ্যার দেশ তারা।
* সব মিলিয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে মুখোমুখি হয়েছে ক্রোয়েশিয়া ও বেলজিয়াম। দুই দলেরই জয় তিনটি করে। বাকি দুই ম্যাচ ড্র।
* বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে বেলজিয়াম ও ক্রোয়েশিয়া। দুই দলের প্রথম দেখা হয় ২০০০ সালে, বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। সবশেষ দেখা গত বছর একটি প্রীতি ম্যাচে। যেখানে ১-০ গোলে জিতেছিল বেলজিয়াম।
