২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির ভাবনায় প্রথম ম্যাচ

যেকোনো খারাপ সময়ের জন্য আর্জেন্টিনা প্রস্তুত, বলছেন তাদের অধিনায়ক ও মহাতারকা লিওনেল মেসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2022, 07:35 PM

Updated : 12 Nov 2022, 07:35 PM

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কা কাটিয়ে কোনোমতে আর্জেন্টিনার শেষ ষোলোয় ওঠার স্মৃতি খুব ভালো করেই মনে আছে লিওনেল মেসির। তাই এবার শুরুটা নিয়ে একটু বেশিই সতর্ক আর্জেন্টিনা অধিনায়ক। অনেকের চোখে কাতার বিশ্বকাপে শিরোপার জোর দাবিদার তারা। তবে এখনই খুব বেশি দূর তাকাচ্ছেন না মেসি। আপাতত সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচেই আর্জেন্টিনা অধিনায়কের সব মনোযোগ।

২০১৮ সালের আসরে প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ১-১ ড্রয়ের পর ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল আর্জেন্টিনা। শঙ্কা জেগেছিল ২০০২ সালের পর প্রথমবার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে তাদের বাদ পড়ার। বাঁচা-মরার ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে শেষ দিকের গোলে কোনোমতে ২-১ ব্যবধানের জয়ে শেষ ষোলোয় পা রেখেছিল তারা। সেখানে ফ্রান্সের বিপক্ষে ৪-৩ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের।

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।

আর্জেন্টিনার ক্রীড়া দৈনিক ‘ওলে’তে শুক্রবার প্রকাশিত সাক্ষাৎকারে মেসি বলেন, প্রথম ম্যাচের বাইরে কোনো কিছু তারা ভাবছেন না।

“গত বিশ্বকাপে আমরা যাওয়ার আগেই সবাই আমাদের চ্যাম্পিয়ন ধরে নিয়েছিল এবং পরে সবকিছু পাল্টে গিয়েছিল। বিশ্বকাপে সবসময় এমন কিছু ঘটে, যা কেউ কল্পনাও করে না। আমাদের প্রথম ম্যাচ নিয়ে ভাবতে হবে। শেষ ষোলো নিয়ে চিন্তা করা ঠিক নয়।”

টানা ৩৫ ম্যাচ ধরে অপরাজিত আছে আর্জেন্টিনা। এর মধ্যে তারা জিতেছে ২৭টি, ড্র হয়েছে আটটি। সবশেষ তারা হেরেছিল ২০১৯ সালের জুলাইয়ে, কোপা আমেরিকার সেমি-ফাইনালে ব্রাজিলের বিপক্ষে।

গত বছর সবশেষ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে তাদের মাঠেই হারিয়ে ২৮ বছরের শিরোপা খরায় কাটায় আর্জেন্টিনা। পরে ইউরোর চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে তারা জিতে নেয় ফিনালিস্সিমা ট্রফি।

আন্তর্জাতিক ফুটবলে টানা সবচেয়ে বেশি ৩৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ইতালির। তাদের ছাড়িয়ে নতুন উচ্চতায় ওঠার আশা মেসির। যদিও এ নিয়ে তেমন ভাবছেন না তিনি। বললেন, সামনে যেকোনো খারাপ সময়ের জন্যও তারা প্রস্তুত আছেন।

“এটি (৩৫ ম্যাচ অপরাজিত) চমৎকার পরিসংখ্যান, এমন একটি রেকর্ড, যা থেকে যাবে। আমরা ইতালিকে ছাড়িয়ে যেতে পারি, তবে সেটা নিয়ে বেশি ভাবছি না।”

“খারাপ সময় আসতেই পারে। খারাপ সময়ের জন্য আমরা প্রস্তুত। আমাদের এই গ্রুপের শুরুটা হয়েছিল বাজেভাবে। ব্রাজিলের বিপক্ষে ২০১৯ সালে হারের পর এই দলটি তৈরি। এরপর দলটি বিকশিত হয়েছে।”