যুক্তরাষ্ট্র ম্যাচের জন্য প্রস্তুত কেইন
ইরানের বিপক্ষে প্রথম ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন ইংলিশ ফরোয়ার্ড।
ইরানের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটে অনিশ্চয়তা জেগেছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে হ্যারি কেইনের খেলা নিয়ে। ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট সংশয়ের মেঘ সরিয়ে বললেন, খেলার জন্য প্রস্তুত তার অধিনায়ক।
'বি' গ্রুপে গত সোমবার ইংল্যান্ডের ৬-২ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধের শুরুতে গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন এই ফরোয়ার্ড।
ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের ম্যাচটি হবে শুক্রবার। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাউথগেট নিশ্চিত করে দেন কেইনের খেলার বিষয়টি।
”হ্যারি (কেইন) ভালো আছে। সে দল থেকে আলাদা অনুশীলন করেছে, কিন্তু শুক্রবার রাতের ম্যাচের জন্য কোনো সমস্যা নেই। সব কিছু ঠিক আছে কি-না, তা জানতে (বুধবার) স্ক্যান করা হয়েছিল।”
আন্তর্জাতিক ফুটবলে ৭৬ ম্যাচে কেইন গোল করেছেন ৫১টি। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি গোলের মালিক হতে তার প্রয়োজন আর মাত্র তিন গোল। ৫৩ গোল নিয়ে রেকর্ডটি সাবেক ফরোয়ার্ড ওয়েইন রুনির দখলে।
