২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর গোল, ভেবেছিলেন ফের্নান্দেসও

কে গোল করল তার চেয়ে দলের জয়ই মুখ্য পর্তুগিজ এই মিডফিল্ডার কাছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2022, 02:55 PM

Updated : 29 Nov 2022, 07:06 PM

উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পর্তুগাল প্রথম বার জালের দেখা পেতেই ক্রিস্তিয়ানো রোনালদো মেতে উঠলেন তার বিখ্যাত উদযাপনে। ফিফাও প্রথমে গোলটি তার নামে দিলেও পরে সিদ্ধান্ত বদলে দেয় ব্রুনো ফের্নান্দেসের নামে। অন্য সবার মতো এতে অবাক এই মিডফিল্ডারও। বললেন, প্রাথমিকভাবে এটি রোনালদোর গোল বলেই তার মনে হয়েছিল। 

‘এইচ’ গ্রুপে গত সোমবারের ম্যাচে ফের্নান্দেসের জোড়া গোলে ২-০ গোলে জিতে ষোলোর টিকেট নিশ্চিত করে ফেলেছে পর্তুগাল। 

তবে তবে প্রথম গোলটি নিয়ে নাটকীয়তা হয় বেশ। ৫৪তম মিনিটে বাঁ দিক থেকে ফের্নান্দেসের এক ক্রসে বল কিছুটা বাঁক খেয়ে সরাসরি জালে জড়ায়। বল হাওয়ায় থাকা অবস্থায় হেড করতে লাফিয়ে উঠেন ৩৭ বছর বয়সী রোনালদো। বল জালে জড়াতেই উল্লাসে মাতেন তিনি। তাকে অভিনন্দন জানান ফের্নান্দেসও।

কিন্তু এরপর রিপ্লে দেখে সিদ্ধান্ত বদলে ফেলে ফিফা। গোল দেওয়া হয় ফের্নান্দেসকে। পরে যোগ করা সময়ে পেনাল্টি থেকে নিজের ও দলীয় দ্বিতীয় গোল করেন তিনি। 

ম্যাচের পর প্রথম গোল প্রসঙ্গে ফের্নান্দেস বলেন, কে গোল করল তার চেয়ে দলের জয়ই তার কাছে মুখ্য। 

“আমার মনে হচ্ছিল যে, ক্রিস্তিয়ানো বল স্পর্শ করেছে। আমি বলটি তার দিকেই পাস দিয়েছিলাম। গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা খুব কঠিন দলের বিপক্ষে খেলার পর পরের রাউন্ডে যাচ্ছি।”