তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে ক্রোয়েশিয়ার ২৬
লুকা মদ্রিচ, দোমাগোই ভিদা, ইভান পেরিসিচের মতো অভিজ্ঞদের সঙ্গ যুক্ত হয়েছেন ইয়োস্কো গাভারদিওলের মতো তরুণরা।
গত বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া এবার আরেক ধাপ এগিয়ে চূড়ান্ত সাফল্য পাওয়ার স্বপ্ন দেখছে। সেই লক্ষ্যে কাতার বিশ্বকাপের জন্য তরুণ আর অভিজ্ঞদের নিয়ে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন ক্রোয়েশিয়া কোচ জ্লাতকো দালিচ।
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দেও আছে তার দল। গত সেপ্টেম্বরে শেষ হওয়া নেশন্স লিগের গ্রুপ পর্বে ফ্রান্স ও ডেনমার্ককে পেছনে ফেলে চার দলের ফাইনালসে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সের বিপক্ষে শিরোপা স্বপ্ন ভাঙে তাদের। সেই দলের মূল খেলোয়াড়দের মধ্যে লুকা মদ্রিচ, দোমাগোই ভিদা, ইভান পেরিসিচরা যেমন এই দলে আছেন; তেমনি তাদের সঙ্গে যোগ হয়েছে ২০ বছর বয়সী ডিফেন্ডার ইয়োস্কো গাভারদিওল।
আগামী ২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ। ২৩ নভেম্বর মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ক্রোয়াটদের অভিযান। ‘ই’ গ্রুপের অন্য দুই দল বেলজিয়াম ও কানাডা।
ক্রোয়েশিয়া দল:
গোলরক্ষক: দমিনিক লিভাকভিচ (দিনামো জাগরেব), ইভান ইভুসিচ (এনকে ওসিয়েক), ইভো গারবিচ (আতলেতিকো মাদ্রিদ)
ডিফেন্ডার: দোমাগোই ভিদা (এইকে এথেন্স), দেইয়ান লভরেন (জেনিত), বোর্না বারিসিচ (রেঞ্জার্স), ইয়োসিপ ইউরানোভিচ (সেল্টিক), ইয়োস্কো গাভারদিওল (লাইপজিগ), বোর্না সোসা (স্টুটগার্ট), ইয়োসিপ স্তানিসিচ (বায়ার্ন মিউনিখ), মার্তিন এর্লিচ (সাস্সুয়োলো), ইয়োসিপ সুতালো (দিনামো জাগরেব)
মিডফিল্ডার: লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ), মাতেও কোভাচিচ (চেলসি), মার্সেলো ব্রজোভিচ (ইন্টার মিলান), মারিও পাসালিচ (আতালান্তা), নিকোলা ভ্রাসিচ (তোরিনো), লভরো মাইয়ের (স্তাদ রেনে), ক্রিস্তিয়ান ইয়াকিচ (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট), লুকা সুচিচ (সালসবর্কু)
ফরোয়ার্ড: ইভান পেরিসিচ (টটেনহ্যাম হটস্পার), আন্দ্রেই ক্রামারিচ (হফেনহাইম), ব্রুনো পেতকোভিচ (দিনামো জাগরেব), মিসলাভ অরসিচ (দিনামো জাগরেব), আন্তে বুদিমির (ওসাসুনা), মার্কো লিভাইয়া (হাইডুক স্লিট)
