২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘আর্জেন্টিনা এখনও সেরাটা খেলেনি’

আসছে ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন দলটির ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2022, 06:05 PM

Updated : 30 Nov 2022, 06:06 PM

সৌদি আরবের বিপক্ষে অবিশ্বাস্য এক হারে যাত্রার শুরু। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর মেক্সিকোর বিপক্ষে অনেকটা সময় ভুগে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয় পায় আর্জেন্টিনা, তাতে টিকে থাকে দলটির শেষ ষোলোর সম্ভাবনা। শক্তির কমতি না থাকলেও তাদের পারফরম্যান্স যে আশানুরূপ নয়, তা মানছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস। 

পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ রাউন্ডে বাঁচা-মরার লড়াইয়ের আগের দিন মার্তিনেস দ্বিধাহীন ভাবে বললেন, এখনও সেরাটা খেলতে পারেনি তারা। আসছে ম্যাচেই নিজেদের সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতিও দিলেন তিনি। 

নকআউট পর্বে জায়গা করে নেওয়ার লড়াইয়ে বুধবার পোল্যান্ডের মুখোমুখি হবে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে গড়াবে ‘সি’ গ্রুপের ম্যাচটি। 

৩৬ ম্যাচ অপরাজিত থেকে ফেভারিট দলগুলোর একটি হিসেবে বিশ্বকাপ শুরু করে আর্জেন্টিনা। কিন্তু নিজেদের প্রথম ম্যাচেই দুইবারের চ্যাম্পিয়নরা খায় জোর ধাক্কা। শক্তিতে অনেক পিছিয়ে থাকা সৌদি আরব তাদেরকে হারিয়ে রচনা করে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় অঘটনগুলোর একটি। 

হারলেই বাদ পড়তে হবে- এমন কঠিন সমীকরণে মেক্সিকোর মুখোমুখি হয় আর্জেন্টিনা। পাহাড়সম চাপের ওই ম্যাচে প্রথমার্ধে মেসি-দি মারিয়ারা ছিল একেবারে এলোমেলো। দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে নিলেও গোলের দেখা মিলছিল না। দলকে বাঁচাতে এগিয়ে আসেন লিওনেল মেসি। দারুণ একটি গোল করার পর রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী এনসো ফের্নান্দেসকে দিয়ে করান আরেকটি। 

২-০ গোলের ওই জয়ে নতুন করে আশা জাগে তাদের। পোল্যান্ডের বিপক্ষে আরও ভালোভাবে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আর্জেন্টিনার। মার্তিনেস বললেন, সেরাটা খেলার চেষ্টায় আছেন তারা। 

“মেসির গোলেই আমরা কক্ষপথে ফিরেছিলাম। এর আগ পর্যন্ত মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি ছিল খুবই কঠিন।” 

“আমরা জানি যে, আমরা কী করতে পারি। আরও ভালো খেলতে পারি আমরা। এটাও জানি যে, এখনও সেরা পর্যায়ের খেলাটা খেলতে পারিনি আমরা। তবে চেষ্টা করে যাচ্ছি।” 

‘সি’ গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোল্যান্ড। সৌদি আরবের সঙ্গে সমান ৩ পয়েন্ট হলে গোল পার্থক্যে এগিয়ে দুই নম্বরে আর্জেন্টিনা। শেষ ষোলোয় যেতে পোল্যান্ডের বিপক্ষে জয় ছাড়া বিকল্প আছে তাদের সামান্যই। 

ড্র-ও আর্জেন্টিনার জন্য হতে পারে যথেষ্ট, তবে সেজন্য অন্য ম্যাচের ফল পক্ষে আসতে হবে। 

পোল্যান্ড দলে আছেন সময়ের সেরা ফরোয়ার্ডদের একজন রবের্ত লেভানদোভস্কি। ম্যাচটি যে সহজ হবে না, ভালো করেই বুঝতে পারছে আর্জেন্টিনা খেলোয়াড়রা। তাই মার্তিনেস বললেন, তাদের সব দিকেই সতর্ক থাকতে হবে। 

“মাঠে আমাদের খুব সংগঠিত থাকতে হবে, যাতে প্রতি-আক্রমণে তারা আমাদের জন্য বিপজ্জনক না হয়ে ওঠে।”