লেভানদোভস্কির প্রথম গোল, বিশ্বকাপের ২৬০০
গোল করে ও করিয়ে পোল্যান্ডের জয়ের নায়ক বার্সেলোনার এই স্ট্রাইকার।
সুযোগ এসেছিল প্রথম ম্যাচে। তবে সঙ্গী হয়েছিল পেনাল্টি মিসের হতাশা। অবশেষে বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পেলেন রবের্ত লেভানদোভস্কি। সতীর্থের গোলেও রাখলেন অবদান। দলকে দিলেন জয়ের স্বাদ।
এডুকেশন সিটি স্টেডিয়ামে শনিবার ‘সি’ গ্রুপের ম্যাচে সৌদি আরবকে ২-০ গোলে হারায় পোল্যান্ড। প্রথমার্ধে পিওতর জেলিনস্কিকে দিয়ে গোল করিয়ে, পরে নিজে গোল করে ম্যাচের সেরা লেভানদোভস্কি।
২০০৮ সালে আন্তর্জাতিক ফুটবলে তার অভিষেক হলেও ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি পোল্যান্ড। লেভানদোভস্কির বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ হয় ২০১৮ রাশিয়া আসরে। তবে তিন ম্যাচ খেলে গোল করার স্বপ্ন সেবার পূরণ হয়নি তার। দল বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে।
এবার প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে পোল্যান্ডের গোলশূন্য ড্রয়ের দিনে লেভানদোভস্কির পেনাল্টি ঠেকিয়ে দেন গোলরক্ষক। ৩৪ বছর বয়সী স্ট্রাইকার দ্বিতীয় ম্যাচে এসে পেলেন কাঙ্ক্ষিত ঠিকানা।
গোলটা তাকে একরকম উপহার দেন সৌদি আরবের আবদুল্লাহ আল-মালকি। বক্সের সামনে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। আলগা বল পেয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন বার্সেলোনা তারকা।
প্রায় একশ বছরের বিশ্বকাপ ইতিহাসে ২ হাজার ৬০০তম গোল এটি।
লেভানদোভস্কি পোল্যান্ডের সর্বোচ্চ গোলস্কোরার অনেক আগে থেকেই। দেশের হয়ে তার গোলসংখ্যা বেড়ে হলো ৭৭টি।
