২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেইমার-রিশার্লিসনদের লেখা নতুন কিছু পরিসংখ্যান

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে নজরকাড়া ফুটবল উপহার দেয় ব্রাজিল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2022, 08:56 AM

Updated : 06 Dec 2022, 08:56 AM

ঘড়ির কাঁটায় ম্যাচের সাত মিনিটের মাথায় শুরু হলো ব্রাজিলের গোল উৎসব। থামল ৩৬তম মিনিটে। এর মাঝেই জয়-পরাজয়ের চিত্রটা একরকম পরিষ্কার হয়ে গেল। লেখা হলো নতুন কিছু পরিসংখ্যান।

দোহায় স্টেডিয়াম ৯৭৪- এ সোমবার রাতে প্রথমার্ধের ওই জাদুকরী ফুটবলে দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠে ব্রাজিল। পাঁচবারের চ্যাম্পিয়নদের হয়ে গোলগুলো করেন ভিনিসিউস জুনিয়র, নেইমার, রিশার্লিসন ও লুকাস পাকেতা।

ফুটবলের পাতায় এই ম্যাচ দিয়ে লেখা নতুন পরিসংখ্যানগুলো বিডিনিউজ টোয়েন্টিফোর পাঠকদের জন্য তুলে ধরা হলো:

>> ২০২২ সালে সব মিলিয়ে ব্রাজিলের হয়ে ১০ গোল করলেন রিশার্লিসন। এই বছরে দেশের হয়ে অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে যা অন্তত চারটি বেশি।  

>> সব মিলিয়ে ব্রাজিলের হয়ে সবশেষ ১১ ম্যাচে এই নিয়ে ১৫ গোলে (৮ গোল, ৭ অ্যাসিস্ট) জড়িয়ে নেইমারের নাম। আর সবশেষ ৬টি গোল তিনি করলেন পেনাল্টি থেকে।

>> ২৯ মিনিটের মধ্যে ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল; বিশ্বকাপে এই প্রথম তারা এত কম সময়ের মধ্যে তিন গোলে এগিয়ে গেল।

>> বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয়বারের মতো তারা কোনো ম্যাচের প্রথমার্ধে ৪ গোল করল। ১৯৫৪ বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষেও এমন কিছু করেছিল ব্রাজিল।

>> তৃতীয় ব্রাজিলিয়ান হিসেবে অন্তত তিনটি বিশ্বকাপে গোল করলেন নেইমার (২০১৪, ২০১৮ ও ২০২২)। কিংবদন্তি পেলে চার (১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ ও ১৯৭০) ও ‘দা ফেনোমেনন’ রোনালদো তিন (১৯৯৮, ২০০২ ও ২০০৬) আসরে গোল করেছেন।

>>  এবারের বিশ্বকাপে ব্রাজিল তাদের স্কোয়াডের ২৬ খেলোয়াড়ের সবাইকে খেলিয়েছে (তিন গোলরক্ষকসহ)।  বিশ্বকাপের ইতিহাসে কোনো এক আসরে কোনো দলের ২৬ খেলোয়াড়কে খেলানোর এটাই প্রথম ঘটনা।