প্রথম জয়ের খোঁজে মুখোমুখি কানাডা ও ক্রোয়েশিয়া
বিশ্বকাপে এখনও গোল করতে পারেনি কানাডা।
কাতার বিশ্বকাপ দিয়ে ৩৬ বছর পর বিশ্ব সেরার মঞ্চে ফিরেছে কানাডা। হার দিয়ে আসর শুরু করা কনকাকাফ অঞ্চলের দেশটির সামনে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া।
দোহার খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম 'এফ' গ্রুপের ম্যাচে আগামী রোববার মাঠে নামবে ক্রোয়েশিয়া ও কানাডা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
বিশ্বকাপের আগে কখনও মুখোমুখি হয়নি দল দুটি।
এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ক্রোয়েশিয়া। আর শক্তিশালী বেলজিয়ামের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবলের আলো ছড়িয়েও ১-০ গোলে হেরে যায় কানাডা।
* ১৯৯৮ সালে নিজেদের প্রথম বিশ্বকাপেই সেমি-ফাইনালে উঠেছিল ক্রোয়েশিয়া। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে তাদের ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স।
* ১৯৮৬ আসর দিয়ে বিশ্বকাপে অভিষিক্ত কানাডা বৈশ্বিক আসরে এখনও গোলের দেখা পায়নি। সেবার সবগুলো ম্যাচ হেরে গ্রুপ থেকে বিদায় নিয়েছিল তারা।
* ২০১৮ বিশ্বকাপে ফাইনালে যাওয়ার পথে প্রথম দল হিসেবে টানা তিনটি নকআউট পর্বের ম্যাচে পিছিয়ে পড়ে ঘুঁরে দাঁড়িয়ে জিতেছিল ক্রোয়াটরা।
* কনকাকাফ অঞ্চলের বাছাইয়ে শীর্ষে থেকে বিশ্বকাপের টিকেট পায় কানাডা। এই বাছাই পর্বে অন্য দলগুলোর চেয়ে তারা গোল করেছিল বেশি এবং হজম করেছিল সবচেয়ে কম।
