২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুইজারল্যান্ডের বিপক্ষে প্রায় পূর্ণ শক্তির দল পাচ্ছে পর্তুগাল

এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন মিডফিল্ডার ওতাভিও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2022, 08:06 PM

Updated : 04 Jan 2023, 05:09 PM

বিশ্বকাপে চোট সমস্যা বেশ ভোগাচ্ছে পর্তুগালকে। শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে লড়াইয়ের আগে চোটে বাইরে থাকা ওতাভিওকে নিয়ে সুসংবাদ পেল দলটি। সব ঠিক থাকলে আসছে ম্যাচে খেলতে পারেন এই মিডফিল্ডার।

গ্রুপে ঘানার বিপক্ষে পর্তুগালের ৩-২ গোলে জেতা প্রথম ম্যাচের পর থেকে ঊরুর চোটে বাইরে আছেন ওতাভিও। মিস করেছেন উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়া ম্যাচ। রোববার অনুশীলনে দলের সঙ্গে তার যোগ দেওয়ার কথা রয়েছে।

অনুশীলনে পাঁজরের তিনটি হাড় ভেঙে যাওয়ায় উরুগুয়ে ম্যাচ থেকে ছিটকে যান ডিফেন্ডার দানিলো পেরেইরা। এজন্য খেলতে পারেননি দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও৷

এই দুই ম্যাচে পেরেইরার জায়গায় অভিজ্ঞ ডিফেন্ডার পেপেকে খেলান কোচ ফের্নান্দো সান্তোস। সুইসদের বিপক্ষে আগামী মঙ্গলবারের ম্যাচেও তিনি জায়গা ধরে রাখবেন বলে ধারণা করা হচ্ছে। ম্যাচে ৩৯ বছর বয়সী পেপের কঠিন পরীক্ষা নিতে পারেন আসরে এখন পর্যন্ত ২ গোল করা সুইজারল্যান্ড স্ট্রাইকার ব্রিল এমবোলো।

ডিফেন্সে পেপের সঙ্গে জুঁটি বাধবেন ম্যানচেস্টার সিটি সেন্টার-ব্যাক রুবেন দিয়াস। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটে নুনো মেন্দেস টুর্নামেন্ট থেকে ছিটকে যান। লেফট ব্যাক-পজিশনে তাই পরিবর্তন আনতে বাধ্য হন কোচ সান্তোস।