২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে স্পেনের বাজে পারফরম্যান্সে চাকরি হারালেন কোচ এনরিকে

দলটির নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন লুইস দে লা ফুয়েন্তে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2022, 06:06 PM

Updated : 08 Dec 2022, 07:08 PM

মরক্কোর বিপক্ষে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে স্পেনের বিদায়ের পর দলটির কোচ লুইস এনরিকের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছিল গুঞ্জন। শেষ পর্যন্ত সাবেক বার্সেলোনা কোচকে দায়িত্ব থেকে সরিয়ে দিল ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নরা।

বিবৃতি দিয়ে বৃহস্পতিবার এনরিকের সঙ্গে চুক্তি শেষ করার কথা জানায় স্প্যানিশ ফুটবল ফেডারেশন। 

শেষ ষোলোয় গত মঙ্গলবার স্পেন ও মরক্কোর ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ৩-০ গোলে হেরে যায় এনরিকের দল।

অনেক প্রত্যাশা নিয়ে খেলতে এসে দলের এভাবে ছিটকে পড়ার দায় নিজের কাঁধে নেন এনরিকে। মরক্কো ম্যাচের পর নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, এই ব্যাপারে কথা বলার জন্য এটি সঠিক সময় নয়।

স্পেনের সঙ্গে এনরিকের চুক্তির মেয়াদ ছিল চলতি বছরের শেষ পর্যন্ত। তা পূর্ণ হওয়ার আগেই শেষ হয়ে গেল তার পথচলা।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় টাইব্রেকারে রাশিয়ার কাছে হেরে বিদায় নেয় স্পেন। এরপর দায়িত্ব পান এনরিকে। ব্যক্তিগতগত কারণে মাঝে একবার ছেড়েও দেন কোচের পদ। পরে আবার ফেরেন তিনি। 

তার কোচিংয়ে ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে খেলেছে স্পেন। উয়েফা নেশন্স লিগের চলতি আসরে ফাইনালসে জায়গা নিশ্চিত করেছে দলটি।

বিশ্বকাপের আগে এনরিকেকে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছিল স্প্যানিশ ফুটবল ফেডারেশন। তবে টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত তা স্থগিত রাখেন তিনি।

তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া স্পেন দলকে বৈশ্বিক আসরে দেখা হচ্ছিল ফেভারিট দলগুলোর একটি হিসেবে। শুরুটাও দুর্দান্ত হয়েছিল তাদের। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ৭-০ গোলে উড়িয়ে দেয় কোস্টা রিকাকে।

তবে জার্মানির সঙ্গে ১-১ ড্রয়ের পর শেষ ম্যাচে জাপানের কাছে ২-১ গোলে হেরে যায় পেদ্রি-গাভিরা। গোল পার্থক্যে এগিয়ে থেকে জার্মানিকে পেছনে ফেলে গ্রুপ রানার্সআপ হয় দলটি।

এরপর কোয়ার্টার-ফাইনালে যাওয়ার লড়াইয়ে তাদের হৃদয় ভাঙে মরক্কো।

এনরিকের উত্তরসূরি হিসেবে দায়িত্ব পেয়েছেন লুইস দে লা ফুয়েন্তে। ২০১৩ সাল থেকে স্প্যানিশ ফুটবলের সঙ্গে যুক্ত আছেন সাবেক এই লেফট-ব্যাক, কাজ করছেন অনূর্ধ্ব-২১ দলের কোচ হিসেবে।