‘ফাইনাল কেবলই আনুষ্ঠানিকতা, ফ্রান্স চ্যাম্পিয়ন হয়ে গেছে’
টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালের উঠে উচ্ছ্বসিত ফরাসি ভক্তরা।
ফ্রান্স ও মরক্কোর লড়াই শুরুর আগে থেকেই ফ্রান্সে উৎসবমুখর এক আবহ তৈরি হয়েছিল। দেশটিতে মরক্কান অভিবাসীদের সংখ্যা কম নয়। ফলে দুই দলের সমর্থকদের মধ্যে ম্যাচটি নিয়ে রোমাঞ্চ ছিল তুঙ্গে। টানা দ্বিতীয়বার ফাইনালের টিকেট পেয়ে আনন্দে ভাসছে ফরাসিরা। কেউ কেউ তো ধরেই নিয়েছেন, আবার শিরোপা উঁচিয়ে ধরবেন এমবাপে-গ্রিজমানরা।
আল বাইত স্টেডিয়ামে বুধবার রাতে দ্বিতীয় সেমি-ফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। ৬০ বছর পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের হাতছানি দিদিয়ে দেশমের দলের সামনে।
মরক্কোর বিপক্ষে বিজয় উদযাপন করতে প্যারিসের শঁজ এলিজিতে জড়ো হন হাজার হাজার ফ্রেঞ্চ ভক্ত। নেচে-গেয়ে, আতশবাজি ফুটিয়ে ফাইনালে যাওয়ার আনন্দ ভাগাভাগি করে নেন তারা।
সেখানে বন্ধুর সঙ্গে আসা কেরেন মাসুকা জয়ের প্রতিক্রিয়া জানাতে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আমরা কেবল আমাদের জয় উদযাপন করতে চাই এবং সত্যিই অনুভব করতে পারছি যে সবকিছু এখন বাধভাঙা হয়ে যাবে।”
গায়ে মরক্কোর পতাকা জড়িয়ে আসা ফ্রান্সে বসবাসকারী ফ্রাঙ্কো-মরক্কান তরুণ ব্রেগাসের কাছে ম্যাচটি মিশ্র আবেগের।
“একই সঙ্গে আমার কষ্ট লাগছে এবং গর্বিতও বোধ করছি।”
উত্তর ফ্রান্সে কম্পিয়ানের একটি জিমে বন্ধুদের সঙ্গে ম্যাচটি উপভোগ করেন ২৮ বছর বয়সী কারিন। টুর্নামেন্টে এ পর্যন্ত এমবাপে-গ্রিজমানদের পারফরম্যান্স দেখে তার মনে দৃঢ় বিশ্বাস জন্মেছে, ফ্রান্সই চ্যাম্পিয়ন হতে যাচ্ছে।
“রোববার কেবলই একটি আনুষ্ঠানিকতা, ফ্রান্স এরই মধ্যে শিরোপা জিতে গেছে।”
শিরোপা ধরে রাখার অভিযানে আগামী রোববারের ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ আর্জেন্টিনা।
কোয়ার্টার-ফাইনালে একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে জিতেছিল মরক্কো ও ফ্রান্স। এরপর প্যারিসের বেশ কিছু জায়গায় পুলিশের সঙ্গে দুই দলের ভক্তদের সংঘর্ষের ঘটনা ঘটে।
ঝামেলা এড়াতে সতর্কতার অংশ হিসেবে এবার দুই দলের ম্যাচের আগে থেকেই প্যারিসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল।
