বিশ্বকাপে ‘সমানে সমান’ মারাদোনা-মেসি
বিশ্ব মঞ্চে বেশ কিছু অর্জনে কিংবদন্তি মারাদোনাকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় মেসি।
আর্জেন্টিনার দ্বিতীয় ও সবশেষ বিশ্বকাপজয়ী অধিনায়ক দিয়েগো মারাদোনা। লিওনেল মেসি এখনও উঁচিয়ে ধরতে পারেননি শ্রেষ্ঠত্বের ট্রফি। তবে বিশ্ব মঞ্চে ফুটবল কিংবদন্তির বেশ কিছু অর্জন এরই মধ্যে নিজের করে নিয়েছেন সময়ের সেরা এই ফরোয়ার্ড। ভাগ বসিয়েছেন প্রয়াত মারাদোনার কিছু কীর্তিতে। কিছু কিছু ক্ষেত্রে তো ছাড়িয়ে যাওয়া স্রেফ ‘সময়ের ব্যাপার।’
শেষ ষোলোর ম্যাচে শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-১ ব্যবধানের জয়ে প্রথম গোলটি করেন মেসি। এতে টপকে যান তিনি বিশ্ব মঞ্চে লাতিন আমেরিকানদের হয়ে মারাদোনার করা ৮ গোলের কীর্তি।
আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও মেসির, ২৩টি। অস্ট্রেলিয়া ম্যাচের পর ক্রীড়ার তথ্য-উপাত্ত সংরক্ষণকারী প্রতিষ্ঠান অপ্টা আরও কিছু পরিসংখ্যান প্রকাশ করে, যেখানে মারাদোনা-মেসি বিশ্বকাপে সমানে সমান।
বিশ্বকাপে পঞ্চমবার খেলছেন মেসি। এখন পর্যন্ত বৈশ্বিক আসরে মারাদোনার সমান ৬৭ বার গোলের সুযোগ তৈরি করেছেন তিনি। এছাড়া ওপেন প্লে-তে সুযোগ তৈরি করার সংখ্যাও দুইজনের সমান, ৪৮টি।
প্রতিপক্ষের ডি-বক্সে ১০৩ বার করে বল স্পর্শ করেছেন মেসি ও ২০২০ সালের নভেম্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করা মারাদানো।
বিশ্ব মঞ্চে মারাদোনার চেয়ে একটি গোল বেশি মেসির, ৯টি। তবে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে এগিয়ে ১৯৮৬ বিশ্বকাপজয়ী মারাদোনাই। গোল করায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এখন পর্যন্ত ১৫ বার জড়িয়ে মেসি, মারাদোনা ১৬ বার।
মারাদোনার চেয়ে ড্রিবল বেশি করেছেন মেসি। আর্জেন্টাইন সাবেক অধিনায়ক ১৮৮ বার ড্রিবল করেন, আর বর্তমান অধিনায়কের ড্রিবল ১৯৪।
