২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

দিবালাকে খেলানোর সুযোগ পাচ্ছেন না স্কালোনি!

নেদারল্যান্ডস ম্যাচে খেলানো হবে কী না, সে আভাস অবশ্য দেননি আর্জেন্টিনা কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2022, 09:19 PM

Updated : 09 Dec 2022, 02:10 AM

চোটের কারণে এক পর্যায়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় থাকা পাওলো দিবালা শেষ পর্যন্ত টিকে যান আর্জেন্টিনা দলে। তবে এখনও মাঠে নামার সুযোগ মেলেনি তার। কোচ লিওনেল স্কালোনি বললেন, এই ফরোয়ার্ডকে খেলানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় আছেন তিনি। 

ঊরুর চোটের কারণে অনেকটা সময় বাইরে থাকায় দিবালার কাতারে খেলা পড়ে গিয়েছিল সংশয়ে। এরপর বিশ্বকাপ বিরতির ঠিক আগে তার ক্লাব রোমার হয়ে অনুশীলনে ফেরেন তিনি। কোনো ম্যাচ অবশ্য খেলেননি। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার প্রীতি ম্যাচেও দেখা যায়নি তাকে। 

গ্রুপ পর্বে আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচের পর দিবালাকে না খেলানোর প্রসঙ্গে স্কালোনি বলেছিলেন, ট্যাকটিক্যাল কারণে বাইরে রাখা হয়েছে সাবেক ইউভেন্তুস ফরোয়ার্ডকে। 

এরপর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ ও শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষেও দর্শক হয়ে ছিলেন দিবালা। 

আগামী শুক্রবার কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচের আগে স্কালোনির সংবাদ সম্মেলনে এলো দিবালা প্রসঙ্গ। 

“সে খেলেনি, কারণ আমি তাকে খেলানোর সুযোগ পাইনি। সে ভালো আছে, শুরুর একাদশের অংশ হতে পারে। তবে আমরা যে ম্যাচগুলো খেলেছি, ওই ম্যাচগুলোতে তাকে মাঠে নামানোর সুযোগ ছিল না আমাদের।”