২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বেলজিয়াম দলে ভাঙনের খবর উড়িয়ে দিলেন কোর্তোয়া

একই সঙ্গে দলে একতার ডাক দিলেন অভিজ্ঞ এই গোলরক্ষক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2022, 03:15 PM

Updated : 30 Nov 2022, 03:15 PM

মরক্কোর বিপক্ষে হারের পর বেলজিয়ামের শেষ ষোলোয় খেলা ঝুলছে অনিশ্চয়তার সুতোয়। কঠিন সময়ে যোগ হয়েছে দলের একতায় ফাটলের গুঞ্জনও। থিবো কোর্তোয়া অবশ্য তা উড়িয়েই দিয়েছেন। রিয়াল মাদ্রিদের এই গোলরক্ষক অভিযোগ করেছেন, তাদের নিয়ে অনেক মিথ্যা ছড়ানো হচ্ছে।

বেলজিয়ামের ‘সোনালী প্রজন্ম’ হিসেবে বিবেচিত এই দলটিতে আছে সময়ের সেরা ও প্রতিভাবান কয়েকজন খেলোয়াড়। কিন্তু দেশকে এখনও বড় কোনো সাফল্য এনে দিতে পারেননি তারা। সেরা অর্জন ২০১৮ বিশ্বকাপে সেমি-ফাইনাল খেলা।

কাতার বিশ্বকাপকে দেখা হচ্ছে এদের আজার, রোমেলু লুকাকুদের একসঙ্গে মেজর টুর্নামেন্ট জেতার শেষ সুযোগ হিসেবে। তবে দলটির তারকা মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে এবার নিজেদের তেমন সম্ভাবনা দেখছেন না।

প্রথম ম্যাচে কানাডাকে ১-০ গোলে হারানোর পর তিনি বলেছেন, ২০১৮ বিশ্বকাপেই তাদের সেরা সুযোগ ছিল, এবার নেই। তারা কয়েকজন খেলোয়াড় হারিয়েছেন আর এই দলে যারা আছেন তারা ‘বয়স্ক।’

মরক্কোর বিপক্ষে ২-০ গোলে হারের পর ডে ব্রুইনের এই কথার জবাব দেন ইয়ান ভার্টোনেন। এই ডিফেন্ডারের মতে, আক্রমণভাগের খেলোয়াড়দেরও বয়স হয়ে গেছে, তাই তারা ভালো করতে পারছেন না।

গণমাধ্যমের খবর, মরক্কো ম্যাচের পর এনিয়ে ডে ব্রুইনে ও ভার্টোনেন ঝামেলায় জড়িয়ে পড়েন এবং অধিনায়ক আজার পরিস্থিতি ঠাণ্ডা করেন।

ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই খবর উড়িয়ে দিয়ে কোর্তোয়া বললেন, মাঠে লড়াইয়ের জন্য উন্মুখ তারা।

“সমস্যা হল অনেক বেশি মিথ্যা ছড়ানো হয়েছে। এমন একটি পরিস্থিতি বর্ণনা করা হয়েছে যার অস্তিত্বই নেই। একটি দল হিসেবে আমাদের এসব নেতিবাচকতা এড়াতে হবে।”

“গতকাল সবকিছু পরিষ্কার করা হয়। সবাই খোলাখুলিভাবে তাদের মতামত প্রকাশ করে। এখন আমাদের মাঠে কাজ করতে হবে। এটা ভালো যে, আমাদের দলীয় একটা আলোচনা হয়েছে। আমরা একে অপরের ব্যাপারে যা ভেবেছিলাম, তা বলেছি। আমাদের নিজেদের মধ্যে সৎ হতে হবে এবং মাঠে একে অপরের জন্য লড়াই করতে হবে।”

দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে তিন নম্বর স্থানে আছে বেলজিয়াম। শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে জিতলেও তাদের শেষ ষোলো নিশ্চিত নয়। পক্ষে আসতে হবে মরক্কো-কানাডা ম্যাচের ফলাফলও।

আর বেলজিয়াম ড্র করলে এবং কানাডার কাছে মরক্কো হারলে তাদের ও বেলজিয়ামের পয়েন্ট হবে সমান ৪। তখন ধাপে ধাপে বিবেচনা করা হবে অনেক কিছু।