২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালের আগে অনুশীলনে ফ্রান্সের সব খেলোয়াড়

অসুস্থতা ও চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন পাঁচ জন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2022, 08:51 PM

Updated : 17 Dec 2022, 09:10 PM

বিশ্বকাপ ফাইনালের আগের দিন স্বস্তির খবর পেল ফ্রান্স। ভাইরাসজনিত অসুস্থতা থেকে সেরে উঠে অনুশীলনে যোগ দিলেন রাফায়েল ভারানে, ইব্রাহিমা কোনাতে ও কিংসলে কোমান।  

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তিন জনই শনিবার দলের সঙ্গে অনুশীলন শুরু করেন। অনুশীলনের প্রথম ১৫ মিনিট উন্মুক্ত ছিল গণমাধ্যম কর্মীদের জন্য।

চোট কাটিয়ে বাকিদের সঙ্গে এ দিন অনুশীলনে যোগ দেন ডিফেন্ডার থিও এরনঁদেজ ও মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনিও। এরনঁদেজ হাঁটুর সমস্যায় ও চুয়ামেনি নিতম্বের চোটে শুক্রবারের অনুশীলনে ছিলেন না।

দুই ডিফেন্ডার ভারানে, কোনাতে ও ফরোয়ার্ড কোমানও শুক্রবারের অনুশীলনে ছিলেন না অসুস্থতার কারণে। ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) ওই দিন জানিয়েছিল, দলের বেশ কয়েক জন খেলোয়াড় সর্দি-কাশিতে আক্রান্ত।

অসুস্থতার কারণে গত বুধবার মরক্কোর বিপক্ষে ২-০ গোলে জেতা সেমি-ফাইনালে খেলতে পারেননি সেন্টার-ব্যাক দায়দ উপেমেকানো ও মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও।  

অসুস্থ হওয়া সবাইকে আলাদা রাখা হয়েছিল। ফাইনালের আগের দিন সবাইকে একসঙ্গে অনুশীলনে পাওয়া ফ্রান্স কোচ দিদিয়ে দেশমের জন্য স্বস্তির খবর।

শিরোপা লড়াইয়ে রোববার আর্জেন্টিনার মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স। লুসাইল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।