ব্রাজিলের জার্সিতে আবার খেলবেন কি-না, নিশ্চিত নন নেইমার
বিষয়টি নিয়ে ভাবার জন্য সময় নিতে চান ব্রাজিলের তারকা ফরোয়ার্ড।
আন্তর্জাতিক ফুটবলে খেলা চালিয়ে যাবেন কি-না, বুঝতে পারছেন না নেইমার। ক্রোয়েশিয়ার বিপক্ষে হৃদয় ভাঙা হারে বিশ্বকাপ থেকে বিদায়ের পর ব্রাজিলের তারকা ফরোয়ার্ড বললেন, বিষয়টি নিয়ে ভাবার জন্য সময় নিতে চান তিনি।
এডুকেশন সিটি স্টেডিয়ামে শুক্রবার প্রথম কোয়ার্টার-ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতার পর টাইব্রেকারে হারে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
গোলশূন্য ৯০ মিনিটের পর ১০৬তম মিনিটে নেইমারের গোলেই এগিয়ে যায় ব্রাজিল। এতে দেশের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডে কিংবদন্তি পেলের পাশে বসেন পিএসজি ফরোয়ার্ড।
১১৭তম মিনিটে সমতা টানেন দ্বিতীয়ার্ধে বদলি নামা ব্রুনো পেতকোভিচ। এরপর পেনাল্টি শুটআউটে ৪-২ গোলে জিতে উৎসবে মাতে গত আসরের রানার্সআপরা।
হারের পর কান্নায় ভেঙে পড়েন নেইমার। পরে জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ৩০ বছর বয়সী তারকা।
“সত্যি বলতে, আমি জানি না (জাতীয় দলের হয়ে আবার খেলব কি-না)। আমার মনে হয়, এখন এটা নিয়ে কথা বলার সময় নয়। হয়তো আমি এখন সঠিকভাবে ভাবতে পারছি না। দেখা যাক সামনে কী হয়।”
"আমি এ বিষয়ে ভাবতে সময় নিতে চাই। আমি নিজের জন্য কী চাই, তা নিয়ে ভাবতে চাই। ব্রাজিলের হয়ে খেলার দরজা বন্ধ করব না, আবার শতভাগ নিশ্চয়তা দিয়ে বলব না যে, আমি ফিরে আসব।”
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন বলে জানিয়েছেন ৩৯ বছর বয়সী ডিফেন্ডার দানি আলভেস। তবে ক্লাবের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি।
