২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনে ফিরলেন দি মারিয়া

কাতার বিশ্ববিদ্যালয় মাঠে সতীর্থদের সঙ্গে অনুশীলন সেরেছেন আর্জেন্টিনার এই অভিজ্ঞ মিডফিল্ডার।

মোহাম্মদ জুবায়ের মোহাম্মদ জুবায়ের

দোহা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2022, 01:42 AM

Updated : 07 Dec 2022, 01:42 AM

চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন আনহেল দি মারিয়া। তাতে আর্জেন্টিনার আকাশ থেকে সরে গেছে অভিজ্ঞ এই মিডফিল্ডারকে নিয়ে জমে ওঠা শঙ্কার কালো মেঘটুকু।

আগামী শুক্রবার বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দি মারিয়া অনুশীলনে ফেরায় এই ম্যাচে লিওনেল স্কালোনির পুরো শক্তির দল পাওয়া নিয়ে যে অনিশ্চয়তা হয়েছিল, তা অনেকটাই কেটে গেল।

কোয়ার্টার-ফাইনাল সামনে রেখে মঙ্গলবার বরাবরের মতো কাতার বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর মাঠে অনুশীলন করে আর্জেন্টিনা। আগের দিনের অনুশীলনে দি মারিয়া না থাকায় তাকে নেদারল্যান্ডস ম্যাচে পাওয়া নিয়ে শঙ্কা জাগে। ওই দিন আর্জেন্টিনা কোচও মাঝেমাঠের এই নির্ভরতাকে নিয়ে খোলাসা করেননি কিছু।

এ দিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া আর্জেন্টিনার অনুশীলনে সবার দৃষ্টি ছিল দি মারিয়ার দিকে। সতীর্থদের সঙ্গে ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডারের অনুশীলনের খবরে স্বস্তি ফেরে আর্জেন্টাইন সমর্থকদের মুখে।

গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের ৫৯তম মিনিটে দি মারিয়াকে তুলে নেন কোচ স্কালোনি। ওই ম্যাচ ২-০ গোলে জিতে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলো নিশ্চিত করে আর্জেন্টিনা। পরে দলটির কোচ জানান, ঊরুতে অস্বস্তি বোধ করছিলেন দি মারিয়া।

শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে দি মারিয়াকে বেঞ্চে রেখে সেরা একাদশ সাজান স্কালোনি। পরেও খেলানো হয়নি তাকে। মাঝমাঠের এই তারকার অনুপস্থিতিতে মেসি ও হুলিয়ান আলভারেসের গোলে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের ধাক্কা সামলে পরের তিন ম্যাচে জয়ের ধারায় রয়েছে আর্জেন্টিনা। মেক্সিকো ও পোল্যান্ড, দুই দলকে ২-০ ব্যবধানে হারিয়ে ‘সি’ গ্রুপের সেরা হয়ে শেষ ষোলোয় ওঠে সবশেষ ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতা দলটি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার পর শেষ দিকে একটি হজম করে আর্জেন্টিনা। তবে বাকি সময় নির্বিঘ্নে পার করে দিয়ে কাতারের আসরে লক্ষ্যপূরণের পথেই আছে স্কালোনির দল। দি মারিয়া ফেরায় সামনের পথচলায় পুরো শক্তির দলই পাচ্ছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।