২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিরোধের দেয়াল গড়ে আবারও ক্রোয়েশিয়ার নায়ক লিভাকভিচ

১২০ মিনিটে ১১টি সেভ করার পর টাইব্রেকারেও একটি শট ঠেকান ২৭ বছর বয়সী এই গোলরক্ষক।

প্রতিরোধের দেয়াল গড়ে আবারও ক্রোয়েশিয়ার নায়ক লিভাকভিচ

দুই ম্যাচে টাইব্রেকারে চারটি শট ঠেকালেন লিভাকভিচ

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2022, 01:29 AM

Updated : 10 Dec 2022, 01:43 AM

ক্রোয়েশিয়ার গোলপোস্টে যেন চীনের প্রাচীর হয়ে দাঁড়ালেন দমিনিক লিভাকভিচ। একের পর এক সেভ করে তিনি হতাশ করলেন ব্রাজিলের খেলোয়াড়দের। পরে টাইব্রেকারেও দেখালেন দৃঢ়তা। আরও একবার হয়ে গেলেন দলের জয়ের নায়ক।

প্রথম কোয়ার্টার-ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলে জিতে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠে ক্রোয়েশিয়া।

আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে শুক্রবার ১২০ মিনিটে লিভাকভিচ সেভ করেন মোট ১১টি!

পরে টাইব্রেকারে রদ্রিগোর নেওয়া ব্রাজিলের প্রথম শট বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে সুর বেঁধে দেন ২৭ বছর বয়সী এই গোলরক্ষক।

ম্যাচের সেরা তিনি ছাড়া আর কে!

শেষ ষোলোয় জাপানের বিপক্ষেও টাইব্রেকারে জিতেছিল ক্রোয়েশিয়া। সেখানে প্রতিপক্ষের তিনটি শট ঠেকিয়ে জয়ের নায়ক ছিলেন লিভাকভিচ।