‘বিশ্বকাপে আর ছোট দল বলে কিছু নেই’
কাতার আসরের গ্রুপ পর্বকে সর্বকালের সেরা বলে মনে হচ্ছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর।
একের পর এক অঘটন, চমক, রোমাঞ্চ আর উত্তেজনায় ভরপুর ছিল কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই। ইউরোপ, দক্ষিণ আমেরিকার ‘পাওয়ার হাউজ’ খ্যাত দলগুলির বিপক্ষে টক্কর দিয়েছে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকার দেশগুলি। তথাকথিত ছোট দলগুলি হারিয়ে দিয়েছে শক্তি-সামর্থ্য, ইতিহাস-ঐতিহ্যে এগিয়ে থাকা দলগুলিকে। সব মিলিয়ে এবারের আসরের গ্রুপ পর্বকে বিশ্বকাপের সর্বকালের সেরা বলে মনে হচ্ছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর।
এবার গ্রুপ পর্বে আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হারে সৌদি আরবের বিপক্ষে। গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলকে হারায় ক্যামেরুন। জার্মানি ও স্পেনকে হারিয়ে দেয় জাপান। গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে জয় তুলে নেয় তিউনিসিয়া। চারবারের চ্যাম্পিয়ন জার্মানি ও রাশিয়া আসরে তৃতীয় হওয়া বেলজিয়াম বিদায় নেয় প্রথম ধাপ থেকেই।
দক্ষিণ কোরিয়া, জাপান, সেনেগাল, মরক্কোর মতো দল জায়গা করে নেয় শেষ ষোলোয়। সেখানে মঙ্গলবার ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবার কোয়ার্টার-ফাইনালে ওঠে আফ্রিকার দেশ মরক্কো।
কাতার আসর এরই মধ্যে টিভিতে দেখেছে দুইশ কোটির বেশি দর্শক। প্রতিদিনই কোনো না কোনো ম্যাচ গ্যালারিতে বসে দেখছেন ফিফা প্রেসিডেন্ট। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থাটির ওয়েবসাইটে বুধবার ইনফান্তিনো বলেন, ফুটবল এখন আরও বেশি বিশ্বময় হয়ে উঠছে। এখন আর ছোট-বড় দল নেই বলে মনে করেন তিনি।
“সুন্দর সব স্টেডিয়ামে খেলা হচ্ছে। অসাধারণ পরিবেশ, দুর্দান্ত সব গোল, রোমাঞ্চ, উত্তেজনা, চমক, ছোট দল বড় দলকে হারাচ্ছে। আসলে এখানে আর কোনো ছোট দল নেই, আর কোনো বড় দল নেই। এখন সমানে-সমান।”
"ইতিহাসে প্রথমবারের মতো সব মহাদেশের দল নকআউট পর্বে উঠেছে। এটিই বলে দেয় ফুটবল সত্যিই বিশ্বময় হয়ে উঠছে।”
৩২ দল থেকে চার বছর পর ২০২৬ বিশ্বকাপে দলসংখ্যা বেড়ে হবে ৪৮। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে হবে খেলা।
এলজিবিটি বিরোধিতা, মানবাধিকার লঙ্ঘন, অভিবাসী শ্রমিকদের সঙ্গে করা অমানবিক আচরণসহ নানা বিষয় নিয়ে অনেক আগে থেকে কাতার বিশ্বকাপ নিয়ে সমালোচনা হয়েছে অনেক।
বিশ্বকাপ শুরুর আগের দিন দোহায় সংবাদ সম্মেলনে প্রায় এক ঘন্টার বক্তব্যে সমালোচকদের এক হাত নেন ইনফান্তিনো। কাতারের মানবাধিকার রেকর্ড নিয়ে প্রতিবেদনকে ইউরোপিয়ানদের ‘ভণ্ডামি’ বলে আখ্যায়িত করেন তিনি। দেশটির অভিবাসী শ্রমিকদের অধিকারের বিষয়ে কথা বলার আগে ইউরোপিয়ানদের নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন ফিফা প্রধান।
