২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেসিকে নিয়ে আশায় পিএসজি

বিশ্বকাপের পর লিওনেল মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে আত্মবিশ্বাসী পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2022, 03:22 PM

Updated : 09 Dec 2022, 06:59 PM

বার্সেলোনায় ফিরে যাবে লিওনেল মেসি, নতুন ঠিকানা খুঁজে নেবেন আর্জেন্টিনাই মহাতারকা, নাকি পিএসজিতেই থাকবেন; বিশ্বকাপের মাঝে চলছে এনিয়ে আলোচনা। তবে আর্জেন্টিনা অধিনায়কের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী ফরাসি ক্লাবটির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। 

পিএসজির সঙ্গে মেসির চুক্তি চলতি মৌসুম পর্যন্ত। চলমান বৈশ্বিক আসরের মাঝে গণমাধ্যমে খবর আসে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যোগ দিতে রাজি হয়েছেন সময়ের সেরা এই ফরোয়ার্ড। সেখানে খেলতে পারেন তিনি ইন্টার মিয়ামির হয়ে। 

মেসি আপাতত মনযোগী তার বিশ্বকাপ অভিযানে। এটাই হতে পারে ৩৫ বছর বয়সী এই ফুটবলারের শেষ বৈশ্বিক আসর। তাই স্বাভাবিকভাবেই শিরোপা জিতে শেষটা রাঙাতে চাইবেন তিনি। সেই পথে এগিয়ে যেতে সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে শুক্রবার বাংলাদেশ সময় রাত একটায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। 

আল খেলাইফি অবশ্য এসব গুঞ্জনে কান দিচ্ছেন না। স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পিএসজিতে বেশ খুশি মেসি। 

“অবশ্যই (মেসি পিএসজিতে থাকতে চায়)। সে খুবই খুশি। জাতীয় দলের সঙ্গে তাকে দেখেই বুঝা যায়। কোনো খেলোয়াড় (ক্লাবে) খুশি না হলে জাতীয় দলে ভালো পারফরম্যান্স করতে পারে না। এই মৌসুমে সে আমাদের জন্য দুর্দান্ত পারফর্ম করেছে। জাতীয় দল এবং ক্লাবের হয়ে অনেক গোল ও অ্যাসিস্ট করেছে।” 

“তাই, আমরা একসঙ্গে একমত হয়েছিলাম-বিশ্বকাপের পর একসঙ্গে বসব। তবে উভয় পক্ষই, আমাদের ক্লাব ও তিনি, খুব খুশি। তাই আমরা বিশ্বকাপের পরে কথা বলব।” 

চলতি মৌসুমের পর ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে মার্কাস র‍্যাশফোর্ডেরও। ফ্রি ট্রান্সফারে পাওয়া গেলে ইংলিশ ফরোয়ার্ডের সঙ্গে যোগাযোগ করতে চাওয়ার কথা বললেন আল খেলাইফি। এর আগেও র‍্যাশফোর্ডকে দলে নিতে চেয়েছিল পিএসজি।