২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাউথগেটের সমালোচনা ডায়ারের কাছে ‘পাগলাটে’

কোচকে নিয়ে এতো চর্চার কোনো কারণই দেখেন না ইংলিশ ডিফেন্ডার এরিক ডায়ার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2022, 02:26 PM

Updated : 20 Nov 2022, 02:26 PM

বিশ্বকাপ অভিযান শুরুর আগে সেরা অবস্থায় নেই ইংল্যান্ড। এর জন্য কেউ কেউ কাঠগড়ায় তুলছেন কোচ গ্যারেথ সাউথগেটকে। এরিক ডায়ার অবশ্য এসবের কোনো মানেই দেখেন না। ইংলিশ ডিফেন্ডারের চোখে সাউথগেটের সমালোচনা করা পাগলামির শামিল।

সাউথগেটের কোচিংয়ে ভালোই করছিল ইংল্যান্ড। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সেমি-ফাইনালে খেলেছিল তারা। ফাইনালে ওঠার লড়াইয়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে হারে ২-১ ব্যবধানে।

পরে ২০২০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলে ইংলিশরা। খুব কাছে গিয়েও শিরোপা স্বপ্ন ভাঙে তাদের। ১-১ গোলে ড্র হওয়া ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ইতালির কাছে ৩-২ গোলে হারতে হয় দলটিকে।

তবে কাতার আসরের আগে নিজেদের হারিয়ে খুঁজছে ইংল্যান্ড। সবশেষ ৬টি ম্যাচে জয়ের দেখা পায়নি তারা। নেশন্স লিগেও তাদের পারফরম্যান্স ছিল নিষ্প্রভ। যেখানে দ্বিতীয় স্তরে নেমে গেছে হ্যারি কেইনের দল।

তাই সাউথগেটকে নিয়ে চলছে সমালোচনা। টটেনহ্যাম হটস্পারের ডায়ার বললেন, কোচকে নিয়ে এসব কথাবার্তা তার কাছে অদ্ভুত লাগছে।

“গত দুই টুর্নামেন্টে তিনি যা করেছেন তাতে আমি মনে করি, এটা পাগলের মতো কথাবার্তা। মানুষের ভাবনা এত দ্রুত বদলে যায়। আমাদের মনে রাখতে হবে, ইংল্যান্ড আগে কী করছিল। তিনি ইংল্যান্ডকে একটি বিশ্বকাপের সেমি-ফাইনাল এবং একটি ইউরোর ফাইনালে নিয়ে গেছেন।”

“শেষ দুটি টুর্নামেন্টে ইংল্যান্ড যে পারফর্ম করেছে, সেখানে তার ছিল বড় অবদান, তা বিবেচনা নিলে সংক্ষিপ্ত একটি বাজে সময়ের পর সমালোচনা করা পাগলের কাজ। এই আলোচনাই উদ্ভট।”

ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে সোমবার এবারের বিশ্বকাপে যাত্রা শুরু করবে ইংল্যান্ড। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গী যুক্তরাষ্ট্র ও ওয়েলস।