বেলজিয়াম-ক্রোয়েশিয়া-মরক্কোর সামনে যে সমীকরণ
৩ দলের সামনে আছে গ্রুপ পর্ব উতরানোর সুযোগ, সঙ্গে আছে বাদ পড়ার শঙ্কাও।
গ্রুপ পর্বের শেষ রাউন্ডের দুটি ম্যাচ শুরু হবে একই সময়ে। ম্যাচের বাঁকে বাঁকে পাল্টে যেতে পারে সমীকরণ। তাই চোখ রাখতে হতে পারে অন্য ম্যাচেও।
গ্রুপ ‘এফ’: ৩ দলের সামনে আছে গ্রুপ পর্ব উতরানোর সুযোগ, সঙ্গে আছে বাদ পড়ার শঙ্কাও; ছিটকে গেছে কানাডা।
শেষ রাউন্ডে মুখোমুখি ক্রোয়েশিয়া-বেলজিয়াম ও কানাডা-মরক্কো।
ক্রোয়েশিয়া
>> হার এড়ালেই নকআউট পর্ব নিশ্চিত।
>> হারলেও থাকবে সুযোগ, তবে নির্ভর করতে হবে অন্য ম্যাচের ওপর।
>> অন্য ম্যাচে মরক্কোকেও হারতে হবে এবং সেটা হতে হবে একই ব্যবধানে কিংবা ক্রোয়েশিয়ার চেয়ে বড় ব্যবধানে। তাদের হারের ব্যবধান ভিন্ন হলে প্রথমে দেখা হবে গোল ব্যবধান, এরপর গোল কারা বেশি করেছে। তারপর মুখোমুখি লড়াই, যেখানে সমতায় তারা। সবশেষে ফেয়ার প্লে পয়েন্ট (হরুদ কার্ড, লাল কার্ড)।
>> ক্রোয়েশিয়া ও মরক্কো, দুই দলই একই ব্যবধানে জিতলে গ্রুপ সেরা হবে ক্রোয়াটরা। দুটি ম্যাচ ড্র হলেও তারা গ্রুপ সেরা হবে।
মরক্কো
>> হার এড়ালেই শেষ ষোলোয় উঠবে তারা।
>> হারলেও সম্ভাবনা থাকবে; তবে অবশ্যই অন্য ম্যাচে ক্রোয়েশিয়ার জিততে হবে।
>> মরক্কো ২ বা তার কম গোলের ব্যবধানে হারলে এবং অন্য ম্যাচ ড্র হলেও পরের ধাপে উঠবে আফ্রিকার দলটি।
একই হিসেবে মরক্কো যদি ৩ গোলে হারে এবং বেলজিয়াম ড্র করে, তাহলে দুই দলের গোল ব্যবধানও সমান হবে; তখন দেখা হবে কারা বেশি গোল করেছে। সেটাও সমান হলে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় পরের ধাপে যাবে মরক্কো।
বেলজিয়াম
>> জিতলেই নকআউট পর্ব নিশ্চিত বেলজিয়ানদের। নিজেরা জিতলে এবং অন্য ম্যাচ ড্র হলে বা কানাডা জিতলে গ্রুপ সেরা হবে বেলজিয়াম।
>> ড্র করলেও আশা থাকবে; তবে অন্য ম্যাচে মরক্কোর হারতে হবে ৩ বা তার বেশি গোলে।
>> মরক্কো ৩ গোলে হারলে তাদের ও বেলজিয়ামের গোল ব্যবধান হবে সমান (-১), তখন দেখা হবে কারা বেশি গোল করেছে। তবে সেখানেও সমতা থাকলে মুখোমুখি লড়াইয়ে বাদ পড়বে বেলজিয়াম।
