২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরিসংখ্যানে পর্তুগাল-দক্ষিণ কোরিয়া লড়াই

এই ম্যাচে হার এড়াতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে ক্রিস্তিয়ানো রোনালদোর দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2022, 09:29 PM

Updated : 30 Nov 2022, 09:33 PM

প্রথম দুই ম্যাচ জিতে শেষ ষোলো নিশ্চিত করা পর্তুগালের চোখ এখন গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার দিকে। তবে দক্ষিণ কোরিয়ার জন্য ম্যাচটি বাঁচা-মরার। এমনকি ড্র করলেও যে নিশ্চিত বিদায় নিতে হবে ২০০২ বিশ্বকাপের সেমি-ফাইনালিস্টদের।

‘এইচ’ গ্রুপের ম্যাচে আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে আগামী শুক্রবার মুখোমুখি হবে পর্তুগাল ও দক্ষিণ কোরিয়া। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। বিশ্বকাপে এর আগে একবার মুখোমুখি হয়েছিল এই দুই দল।

দুই দলের ম্যাচের আগে দেখে নেওয়া যাক আরও কিছু পরিসংখ্যান।

* এই ম্যাচে জিতলে বা ড্র করলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে পর্তুগাল। অন্যদিকে, শেষ ষোলোয় ওঠার সম্ভাবনায় থাকতে জিততেই হবে দক্ষিণ কোরিয়ার। জিতলেও অবশ্য টিকে থাকার নিশ্চয়তা নেই, পক্ষে আসতে হবে উরুগুয়ে-ঘানা ম্যাচের ফলাফলও।

* ঘানার বিপক্ষে ম্যাচে জোড়া গোল করেন চো চিউইয়ি-সাং। এর আগে বিশ্বকাপে দক্ষিণ কোরিয়া আর কেউ এক ম্যাচে দুই গোল করেননি।

* বিশ্ব সেরার মঞ্চে গ্রুপ পর্বে নিজেদের সবশেষ ১৪টি ম্যাচের মাত্র একটিতে হেরেছে পর্তুগাল (৮ জয়, ৫ ড্র)।

* একমাত্র এশিয়ান দেশ হিসেবে বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার কীর্তি রয়েছে দক্ষিণ কোরিয়ার। ২০০২ সালে শেষ চারে পৌঁছেছিল দেশটি। বৈশ্বিক আসরে পর্তুগালের সেরা সাফল্য ১৯৬৬ বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করা।

* ২০০২ আসরে মুখোমুখি হয়েছিল পর্তুগাল-দক্ষিণ কোরিয়া। ওই ম্যাচে ১-০ গোলে জিতেছিল এশিয়ার দেশটি।