২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘শেষ রাউন্ডে অজেয়’ সুইসদের হারানোর মিশনে সার্বিয়া

দুই দলের আগের একমাত্র দেখায় জিতেছিল সুইজারল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2022, 08:42 PM

Updated : 30 Nov 2022, 08:42 PM

গ্রুপ পর্বের শেষ রাউন্ডে সুইজারল্যান্ডকে হারানো যেন খুব কঠিন। অন্তত গত কয়েক বিশ্বকাপে তাই দেখা গেছে। শেষ ষোলোয় উঠতে এবার তাদেরকে হারাতেই হবে সার্বিয়ার। 

টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব মঞ্চে সুইজারল্যান্ড-সার্বিয়ার লড়াই হবে আগামী শুক্রবার। দোহার স্টেডিয়াম ৯৭৪-এ বাংলাদেশ সময় রাত ১টায় শুরু ‘জি’ গ্রুপের ম্যাচটি। 

মাঠের লড়াইয়ের আগে দুই দলের কিছু পরিসংখ্যানে চোখ রাখা যাক। 

* ‘জি’ গ্রুপের তলানিতে সার্বিয়া। দুই নম্বরে সুইজারল্যান্ড। শেষ ষোলোর সম্ভাবনা জাগাতে সুইসদের বিপক্ষে জয়ের বিকল্প নেই সার্বিয়ার। 

* এখন পর্যন্ত বিশ্বকাপে কখনও নকআউট পর্বে খেলেনি সার্বিয়া। 

* টানা তৃতীয়বার শেষ ষোলোয় ওঠার সুযোগ সুইজারল্যান্ডের সামনে। ক্যামেরুন যদি ব্রাজিলকে হারাতে না পারে, তাহলে সার্বিয়ার বিপক্ষে ড্র-ই যথেষ্ট সুইসদের। 

* নিজেদের সবশেষ চার বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচ কখনও হারেনি সুইজারল্যান্ড। 

* টানা দ্বিতীয়বার বিশ্বকাপে দেখা হতে যাচ্ছে সুইজারল্যান্ড ও সার্বিয়ার। ২০১৮ সাল রাশিয়া আসরেও একই গ্রুপে পড়েছিল দল দুটি। 

* এখন পর্যন্ত দুই দলের সাক্ষাৎ ওই একবারই। যেখানে ২-১ গোলে সার্বিয়াকে হারায় সুইজারল্যান্ড। 

* দুই দলের সবশেষ দেখায় আলেকসান্দার মিত্রোভিচের গোলে এগিয়ে যায় সার্বিয়া। দ্বিতীয়ার্ধে গ্রানিত জাকা ও জেরদান শাচিরি গোল করে সুইজারল্যান্ডকে এনে দেন তিন পয়েন্ট। এই তিন ফুটবলার এবারও দলে আছেন।