২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দি মারিয়াকে ছাড়াই নামছে আর্জেন্টিনা

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2022, 12:03 AM

Updated : 10 Dec 2022, 12:23 AM

সেমি-ফাইনালে ওঠার লড়াইয়েও তারকা খেলোয়াড় আনহেল দি মারিয়াকে পাচ্ছে না আর্জেন্টিনা। তাকে ছাড়াই নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের একাদশ সাজিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

লুসাইল স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হবে দুই দল।

গ্রুপ পর্বের তিন ম্যাচেই শুরুর একাদশে খেলা দি মারিয়া বাঁ ঊরুর চোটে শেষ ষোলোর ম্যাচ থেকে ছিটকে যান। এই ম্যাচে দল তাকে পাওয়ার আশা করলেও আপাত তা হচ্ছে না। অবশ্য বেঞ্চে আছেন ইউভেন্তুস তারকা।

মিডফিল্ডার আলেহান্দ্রো গোমেসের জায়গায় ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসকে রেখেছেন কোচ। তাতে বোঝা যাচ্ছে, প্রতিপক্ষের আক্রমণ সামলাতে রক্ষণে জোর দিচ্ছে দুইবারের চ্যাম্পিয়নরা।

ডাচ কোচ লুই ফন খালের দলেও আছে কিছুটা চমক। মিডফিল্ডার ডেভি ক্লাসেনকে বসিয়ে আয়াক্স ফরোয়ার্ড স্টিভেন বের্গভিনকে খেলাচ্ছেন তিনি। বোঝা যাচ্ছে, মেমফিস ডিপাই ও আসরে এখন পর্যন্ত তিন গোল করা কোডি হাকপোর সঙ্গে বের্গভিনকে নিয়ে আক্রমণত্রয়ীতে নির্ভর করছেন তিনি।

নেদারল্যান্ডস: আন্ড্রিস নোপার্ট, ডালে ব্লিন্ড, নাথান আকে, ভার্জিল ফন ডাইক, ইউরিয়েন টিম্বার, ডেনজেল ডামফ্রিস, মার্তেন দে রুন, স্টিভেন বেরহাস, ফ্রেংকি ডি ইয়ং, কোডি হাকপো, মেমফিস ডিপাই।

আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মোলিনা, মার্কোস আকুনিয়া, রদ্রিগো দে পল, আলেক্সিস মাক আলিস্তের, এনসো ফের্নান্দেস, হুলিয়ান আলভারেস, লিওনেল মেসি