সবার আগে অনুশীলন মাঠে তিতে
আল আরাবির স্পোর্টস ক্লাবে প্রস্তুতিতে ভীষণ সিরিয়াস দেখা গেল ব্রাজিল কোচ তিতেকে।
আল আরাবি স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ব্রাজিলের অনুশীলন শুরুর কথা স্থানীয় সময় সাড়ে ৪টায় (বাংলাদেশ সময় সাড়ে ৭টায়)। কিন্তু বিশ্বকাপ সামনে রেখে যেন এক মুহূর্তও নষ্ট করতে চান না তিতে। ব্রাজিল কোচ তাই অনুশীলন মাঠে ঢুকে পড়লেন মিনিট বিশেক আগেই!
ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে কাতারে নোঙর ফেলেছে ব্রাজিল। অবশ্য একটি-দুটি বছর নয়, এই স্বপ্নের আঁকিবুকি চলছে সেই ২০০২ সাল থেকে। এর আগে সবশেষ এশিয়ায় অনুষ্ঠিত কোরিয়া-জাপানের আসরে পঞ্চম শিরোপার উৎসবে মেতেছিল সেলেসাওরা। এরপর কেটে গেছে চারটি আসর, কিন্তু সবসময় ফেভারিটদের তালিকায় থাকলেও ষষ্ঠ শিরোপা আজও অধরা ব্রাজিলের।
এবারের বিশ্বকাপও এশিয়ায়, কাতারে। এই প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের মরুভূমিতে বসছে বিশ্বকাপের মিলন মেলা। এখানে বাজিমাত করতে পারলে মরুদ্যানে বিশ্বকাপ জেতা প্রথম দল হবে ব্রাজিল।
প্রখর রোদ আর গরমের কারণে এখানে মধ্যপ্রাচ্যের দেশগুলোও দুপুরে অনুশীলন করতে নামার সাহস করে না। সেখানে লাতিন আমেরিকা বা ইউরোপের দেশের খেলোয়াড়দের তো ত্রাহি ত্রাহি অবস্থা। ব্রাজিলও তাই অনুশীলনে নামে সুর্য পশ্চিম দিকে হেলে পড়লে; স্থানীয় সময় সাড়ে ৪টায়।
কোচ তিতেকে যথারীতি দেখা গেল মহাব্যস্ত। ৬১ বছর বয়সী, কিছুটা রাশভারী টাইপের এই মানুষটি মাঠে নেমেই শুরু করলেন প্রস্তুতির তোড়জোড়। গোলপোস্ট, রানিং, স্ট্রেচিং কোথায় কোথায় সারবেন, তার ছকগুলো কষতে একাই পুরো মাঠে এক চক্কর দিলেন। এরপর সহকারীদের নির্দেশনা দিয়ে ফের বেরিয়ে গেলেন।
টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার টগবগে আত্মবিশ্বাস সঙ্গী করে কাতারে তরি ভিড়িয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ের শীর্ষ দল হওয়ার তৃপ্তিও সঙ্গী তাদের। তবে কিছু হিসেব চুকানোর আছে তিতের। সেই ২০১৬ সালে সেলেসাওদের হাল ধরেছেন তিনি, কিন্তু ২০১৯ সালের কোপা আমেরিকা জয়ই এখন পর্যন্ত সেরা অর্জন। তিতে তাই প্রথম দিনের অনুশীলন নিয়ে ভীষণ সিরিয়াস।
ব্রাজিলের মাঠের লড়াই শুরু হবে আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘জি’ গ্রুপে ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ সুইজারল্যান্ড ও ক্যামেরুন।
