২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রোয়েশিয়াকে কোথায় ‘আঘাত’ করতে হবে, ভেবে রেখেছে আর্জেন্টিনা

ক্রোয়াটদের নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা আছে, বলেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2022, 12:05 AM

Updated : 13 Dec 2022, 12:04 AM

ক্রোয়েশিয়া কাতার বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠবে, এমনটা ভাবার লোক হয়তো খুব বেশি ছিল না। আসরের ফেভারিটদের একটি ব্রাজিলকে শেষ আটে হারিয়ে সেটিই সম্ভব করেছে তারা। শেষ চারে তাদের সামনে আরেক ফেভারিট ও দক্ষিণ আমেরিকার আরেক দল আর্জেন্টিনা। ক্রোয়াটদের নিয়ে সতর্ক লিওনেল স্কালোনি। ইউরোপের দলটিকে নিয়ে তাদের নির্দিষ্ট পরিকল্পনা আছে বলে জানিয়েছেন আর্জেন্টিনা কোচ।

ফাইনালে ওঠার লড়াইয়ে লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে দুবারের বিশ্বকাপ জয়ীরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

শেষ ষোলোয় জাপান ও শেষ আটে ব্রাজিল, দুটি ম্যাচেই আগে গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ক্রোয়াটরা। দুটিতেই টাইব্রেকারে জিতে টানা দ্বিতীয়বারের মতো সেমি-ফাইনালে জায়গা করে নেয় গত আসরের রানার্সআপরা।

জ্লাতকো দালিচের দলকে যথেষ্ট সমীহ করছেন স্কালোনি। খেলাটা ফুটবল বলে আর্জেন্টিনা কোচের ভালো করেই জানা আছে, হতে পারে যেকোনো কিছু।

“ওরা (ক্রোয়েশিয়া) অনেক দলকে সমস্যায় ফেলেছে। আমি ওদের মূল খেলোয়াড় বা ওদের শক্তি ও দুর্বলতার কথা উল্লেখ করব না। তবে আমরা বিশ্লেষণ করেছি, ওদের কোথায় আঘাত করতে পারি। কখনও কখনও এটি কাজে দেয়, কখনও দেয় না।”

“আমরা মাঠে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। কখনও ভাগ্য পক্ষে থাকতে পারে। যদি আমাদের পারফরম্যান্স ভালো হয়, তাহলে আমাদের লক্ষ্যে পৌঁছানোর পথ আরও সহজ হবে। তবে এটি ফুটবল, এটি খেলা, তাই কখনও কখনও সেরা দল জিততে পারে না।”