ফরাসি ত্রেজেগের চোখেও মেসির বিশ্বকাপ প্রাপ্য
তবে সবার আগে নিজের দেশকে আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান সাবেক ফ্রান্স ফরোয়ার্ড।
কাতার বিশ্বকাপের ফাইনালে দাভিদ ত্রেজেগে যে নিজের দেশ ফ্রান্সের জয়ই চাইবেন, তা বলার অপেক্ষা রাখে না। তবে প্রতিপক্ষ শিবিরের একজনের প্রতিও যে তার রয়েছে বাড়তি দুর্বলতা। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির হাতেও বিশ্বকাপ ট্রফিটি দেখতে চান সাবেক এই ফরাসি ফরোয়ার্ড।
ফ্রান্স তাদের ইতিহাসে প্রথম বিশ্বকাপ জেতে ১৯৯৮ সালে। ওই দলের সদস্য ছিলেন ত্রেজেগে। এরপর তার দেশ দ্বিতীয় শিরোপা জেতে ২০১৮ আসরে। শিরোপা ধরে রাখার মিশনে কাতারেও দারুণ খেলে ফাইনালে জায়গা করে নিয়েছে দিদিয়ে দেশমের দল। রোববারের ফাইনালে তাদের সামনে সবশেষ ১৯৮৬ সালে বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা।
পেশাদার ক্যারিয়ারে অর্জনে ভরপুর মেসির একমাত্র শুন্যতা ধরা হয় বিশ্বকাপ না জিততে পারা। ২০১৪ সালে খুব কাছাকাছি গিয়েছিলেন, কিন্তু ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হেরে হৃদয়ভঙ্গ হয় রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের।
এই বিশ্বকাপে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে দলকে আবার ফাইনালে তুলে এনেছেন মেসি। আসরে এখন পর্যন্ত ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলস্কোরার তিনি (৫ গোল)।
স্বপ্ন পূরণে মেসির সবচেয়ে বড় বাধা হতে পারেন তার পিএসজি সতীর্থ এমবাপেই। ফ্রান্সকে ফাইনালে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই খেলোয়াড়কে ধরা হয়ে থাকে মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো পরবর্তী যুগের সবচেয়ে বড় তারকা হিসেবে।
টিওয়াইসি স্পোর্টসকে গত শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে ৪৫ বছর বয়সী ত্রেজেগে বলেন, ফুটবলের জন্য যা যা করেছেন মেসি, এরপর একটা বিশ্বকাপ তার প্রাপ্য।
"আমি বারবার বলছি যে এই ব্যাপারে আমি আবেগপ্রবণ। কারণ, আমি জানি যে এটিই তার (মেসির) শেষ বিশ্বকাপ। লিও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। সে মানুষকে স্বপ্ন দেখায়, যদিও এই কারণে ফ্রান্সের শিরোপা ধরে রাখার উচ্চাকাঙ্ক্ষা কমবে না।”
