২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মানিতে খেলে জার্মানদের হারানোর নায়ক দোয়ান

বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমেই গোলের দেখা পেলেন জাপানের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2022, 11:13 PM

Updated : 27 Nov 2022, 04:27 PM

ম্যাচের বাকি নেই খুব বেশি সময়। চোখ রাঙাচ্ছিল পরাজয়। এমন পরিস্থিতিতে বদলি হিসেবে রিতসু দোয়ানকে নামালেন জাপানের কোচ। আস্থার প্রতিদান দিতে দেরি করলেন না এই উইঙ্গার। বিশ্বকাপ অভিষেকে চার মিনিটের মাথায় উপহার দিলেন দারুণ এক গোল। উল্লাসে ভাসালেন দল ও সমর্থকদের।

দোয়ানের ওই গোলে শক্তিশালী জার্মানির বিপক্ষে সমতায় ফেরে জাপান। শেষ দিকে তাকুমা আসানোর গোলে ২-১ ব্যবধানে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে চমক দেখায় এশিয়ার দলটি।

গুরুত্বপূর্ণ সময়ে গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার কাজটি করে সেরার পুরস্কার জেতেন ২৪ বছর বয়সী দোয়ান।

জাপানের হয়ে গোল করা দুই খেলোয়াড়ই জার্মানির ঘরোয়া ফুটবলে খেলেন। দোয়ান ফ্রেইবুর্কের সদস্য। আর আসানো খেলেন বোহমে।

আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বুধবার বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারত জাপান। কিন্তু অফসাইডের কারণে হয়নি গোল। ৩৩তম মিনিটে ইলকাই গিনদোয়ানের সফল স্পট-কিকে এগিয়ে যায় জার্মানি। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

প্রথমার্ধের বাকি সময়ের মতো দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ করে জাপানকে কাঁপিয়ে দেয় জার্মানি। কিন্তু মিলছিল না গোল। ৭১তম মিনিটে দোয়ানকে নামান জাপান কোচ। ৭৫তম মিনিটে দলকে কাঙ্ক্ষিত গোলটি এনে দেন দোয়ান।

শুরুতে বাঁ দিক থেকে তাকুমি মিনামিনোর শট হাত বাড়িয়ে ফিরিয়ে দেন গোলরক্ষক মানুয়েল নয়ার, তবে বিপদমুক্ত করতে পারেননি। কাছ থেকে জালে পাঠান দোয়ান।

জাতীয় দলের হয়ে সব মিলিয়ে ৩১ ম্যাচ খেলে এটি তার চতুর্থ গোল।

৮৩তম মিনিটে জাপানের জয়সূচক গোলটি করেন আসানো। নিজেদের অর্ধ থেকে ফ্রি-কিকে কো ইতাকুরার লম্বা করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি। সঙ্গে লেগে থাকা জার্মান ডিফেন্ডার নিকো শ্লটারবেককে এড়িয়ে দুরূহ কোণ থেকে মানুয়েল নয়ারকে পরাস্ত করেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ড।

বাঁধনহারা উল্লাসে ফেটে পড়ে জাপান। জার্মানির বিপক্ষে তিনবারের দেখায় তাদের প্রথম জয় এটিই।